ওয়াশিংটনে আ.লীগের বৈঠকে অংশগ্রহণের দৃশ্য দাবিতে যুক্তরাজ্যের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

গত অক্টোবর মাসে ‘আলহামদুলিল্লাহ! আজ ওয়াশিংটনে সর্বোচ্চ নিরাপত্তায় তিন ঘন্টা আলোচনা শেষে, আওয়ামী লীগ এর নিষেধাজ্ঞা উড্রো সহ চৌদ্দ দলের সামনের নির্বাচনে অংশ গ্রহণ নিশ্চিত ইনশাআল্লাহ।’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের আওয়ামী লীগ কর্তৃক কোনো বৈঠকে অংশগ্রহণের দৃশ্য নয়। এছাড়া, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আসন্ন নির্বাচনে চৌদ্দদলীয় জোটের অংশগ্রহণের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। প্রকৃতপক্ষে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী রিশি সুনাকের গাড়িবহরের একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ViperUK নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৬ জুলাই ‘New Audi for British Prime Minister Rishi Sunak’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০১:০৭ থেকে ০১:৪৩ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশের স্পেশাল এসকর্ট গ্রুপ (এসইজি) কর্তৃক যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে একটি নতুন অডি এ৮এল গাড়িতে করে এগিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য।

পরবর্তীতে, official_seg নামক টিকটক চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকেও একই তথ্য জানা যায়।

উল্লেখ্য, যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশের স্পেশাল এসকর্ট গ্রুপ (এসইজি) মোটরযান সেবার মাধ্যমে যুক্তরাজ্যের অভ্যন্তরে ব্রিটিশ রাজপরিবার, দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও হাইপ্রোফাইল অপরাধীদের গাড়িবহরের নিরাপত্তা প্রদান করে থাকে।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কোনো ঘটনার নয় এবং এর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই।

এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আসন্ন নির্বাচনে চৌদ্দদলীয় জোটের অংশগ্রহণের সিদ্ধান্তের বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আওয়ামী লীগের বৈঠকে অংশগ্রহণের দৃশ্য দাবিতে যুক্তরাজ্যের গাড়িবহরের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: