জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায়ের তারিখ ঘোষিত হবে আগামী ১৩ নভেম্বর। এর প্রেক্ষিতে ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সম্প্রতি ‘09–11–25 নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যেগে ১৩ তারিখ লকডাউন প্রস্তুতি মিছিল’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত কোনো মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত আগস্টে রাজধানী ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ আয়োজিত ঝটিকা মিছিলের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Mohammad Kafil Uddin নামক ফেসবুক প্রোফাইলে গত ২৪ আগস্ট প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি গত ২৪ আগস্ট ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলের দৃশ্য।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
পরবর্তীতে, জাতীয় দৈনিক যুগান্তরের ইউটিউব চ্যানেলে গত ২৪ আগস্ট ‘রাজধানীতে প্রকাশ্যে মিছিল, কী বার্তা দিচ্ছে আওয়ামী লীগ?’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত একটি ভিডিও ফুটেজের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিও প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:০১ থেকে ০০:০০৩, ০০:৪৫ থেকে ০০:৪৮ এবং ০২:০২ থেকে ০২:০৬ অংশগুলোর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, এটি গত ২৪ আগস্ট গুলিস্তানে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের আয়োজিত ঝটিকা প্রতিবাদী মিছিলের দৃশ্য।
এ বিষয়ে আরেক গণমাধ্যম কালের কন্ঠের ওয়েবসাইটে গত ২৪ আগস্ট ‘রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিলের দৃশ্য দাবিতে গত আগস্ট মাসে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Mohammad Kafil Uddin – Facebook Post
- যুগান্তর – রাজধানীতে প্রকাশ্যে মিছিল, কী বার্তা দিচ্ছে আওয়ামী লীগ?
- কালের কণ্ঠ – রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩


