সাম্প্রতিক সময়ে ঢাকায় আ.লীগের প্রতিবাদ মিছিল দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার 

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেদিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা যায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে। এছাড়া রায়কে ঘিরে ধানমন্ডি বত্রিশের সামনে বুলডোজারসহ একদল বিক্ষোভাকারী অবস্থান নিলে ও পরে বত্রিশ নম্বরে প্রবেশের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘নেত্রী রায়ের পরে সারা ঢাকা শহরের রাস্তা আওয়ামী লীগের সাহসী কর্মীদের দখলে’ ক্যাপশনে একটি জনসমাগমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি একটি ভিডিওকে আওয়ামী লীগের মিছিলের আসল দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বেশকিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন-হাঁটাচলার কিছু মানুষের অদৃশ্য হয়ে যাওয়া, পেছনের ব্যক্তির সামনের ব্যক্তিকে ভেদ করে এগিয়ে যাওয়া, হিন্দি বর্ণ-সদৃশ বর্ণে লিখা সাইনবোর্ড ইত্যাদি।

উক্ত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৬ শতাংশ।

এছাড়া, ঢাকায় আওয়ামী লীগ আয়োজিত এত বড় কোনো মিছিল অনুষ্ঠিত হলে এর ভিডিও-ছবি যুক্ত করে গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার করা হত। কিন্তু, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে ঢাকায় আওয়ামী লীগের এরূপকোনো মিছিলের সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ঢাকায় আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: