সম্প্রতি জুলাই আন্দোলনে রাজপথে সরব থাকা অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে উদ্ধৃত করে ‘ জুলাই আন্দোলন করে ভুল করেছি: বাঁধন’ শিরোনামে তার ছবি যুক্ত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী আজমেরী হক বাঁধন এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে `Gorom TV’ নামের একটি ফেসবুক পেজে গত ০৬ ডিসেম্বর, ২০২৫ প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ‘Gorom TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘All content on this page is strictly for satire and entertainment purposes. This is not a source of real or factual news. We present news through humor and parody এবং আরও বলা হয়েছে, এই পেজের সকল কনটেন্ট সম্পূর্ণভাবে ব্যঙ্গ ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এটি কোনো বাস্তব বা তথ্যভিত্তিক সংবাদ উৎস নয়।’(অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৫ সালের ০২ জুলাইয়ে ‘যারা জুলাই বিপ্লবকে ভুল বলে, তাদের জন্য দুঃখ হয়: বাঁধন’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন- জুলাই গণঅভ্যুত্থান ছিল সময়োপযোগী ও প্রয়োজনীয় কারণ রাষ্ট্রের দমন-পীড়ন অসহনীয় হয়ে উঠেছিল। আন্দোলনের পর কিছু ঘটনায় তিনি হতাশ হলেও বিপ্লবকে ভুল মনে করেননা। তিনি ৫ আগস্টের স্বাধীনতার অনুভূতিকে জীবনের বিরল অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন এবং জানান, এই আন্দোলন তাকে মানুষের পাশে দাঁড়ানোর সাহস ও আশা দিয়েছে।
পরবর্তীতে, আজমেরী হক বাঁধনের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে জুলাই আন্দোলন নিয়ে এমন কোনো মন্তব্যও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, আজমেরী হক বাঁধন ‘জুলাই আন্দোলন করে ভুল করেছি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Daily Ittefaq – Website
- Daily Ittefaq – Published News
- Azmeri Haque- Facebook Page
- Gorom TV – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis


