গণমাধ্যমের সম্পাদিত ফটোকার্ডে বদিউল আলম মজুমদারের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি ‘সরকার জুলাই চেতনা বাস্তবায়ন না করায় মার্কিন দূতাবাস ডলার ফেরত চায়’ শিরোনামে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বক্তব্য দাবিতে সংবাদমাধ্যম সমকালের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সরকার জুলাই চেতনা বাস্তবায়ন না করায় মার্কিন দূতাবাস ডলার ফেরত চায়’ শিরোনামে সমকাল কোনো ফটোকার্ড প্রচার করেনি এবং বদিউল আলম মজুমদারও এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, সমকালের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম সমকালের লোগো আছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে সমকালের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সমকালের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, সমকালের ফেসবুক পেজে গত ২১ জুন ‘জুলাই চেতনা বাস্তবায়নে সরকারের উদ্যোগ হতাশাজনক: সুজন’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে সমকালের লোগো, উভয়ের ফটোকার্ডে ব্যবহৃত ছবি এবং প্রকাশিত তারিখের মিল রয়েছে। কিন্তু শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও সমকালের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, সমকালের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত ‘সমকালের’ ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে সরকারের কার্যক্রম ইতিবাচক হলেও গত চার মাসে জুলাই চেতনা বাস্তবায়নে সরকারের উদ্যোগ হতাশাজনক বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটি বলছে, সরকার আনুষ্ঠানিকভাবে জুলাইয়ের চেতনার প্রতি সম্মান প্রদর্শনের কথা বললেও তা বাস্তবায়নের ক্ষেত্রে জড়তা, সংশয় এবং ক্ষেত্রবিশেষে অবজ্ঞার পরিচয় দিচ্ছে।

সুতরাং, বদিউল আলম মজুমদার ‘সরকার জুলাই চেতনা বাস্তবায়ন না করায় মার্কিন দূতাবাস ডলার ফেরত চায়’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সমকালের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: