আ. লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপিও অংশ নেবে না জানিয়ে মির্জা ফখরুল কোনো মন্তব্য করেননি

সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় এবং পরবর্তীতে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল (স্থগিত) করায় আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এরই প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে এক সংবাদ উপস্থাপিকাকে বলতে শোনা যায়, “যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তবে বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করবে না: মির্জা ফখরুল। মির্জা ফখরুল (অস্পষ্ট) বললেন, আমরা সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাই।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
‘𝙈𝙖𝙢𝙪𝙣 𝙑𝙡𝙤𝙜’ নামক একটি ফেসবুক পেজ থেকে ০৮ সেকেন্ডের এই কনটেন্টটি আপলোড করার পর এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৯ লক্ষ বার। কনটেন্ট এনগেজমেন্ট বিশ্লেষণে আরো দেখা যাচ্ছে, ভিডিওতে রিয়েক্ট পড়েছে ১৮ হাজারের অধিক। শেয়ার হয়েছে প্রায় ০৪ হাজারবার এবং ভিডিওতে মন্তব্য এসেছে প্রায় ৪’শ টি।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না’ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বক্তব্য দেননি বরং, আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া, আলোচিত দাবি সংবলিত ভিডিওটিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
পরবর্তীতে, বিষয়টি অধিকতর নিশ্চিতে রিউমর স্ক্যানার ভিডিওটি ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে, ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানানো হয়।

এছাড়া, ‘ডিপফেক-ও-মিটার’ টুলের ‘AVSRDD (2025)’ মডেলের বিশ্লেষণেও ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা শতভাগ বলে জানা যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে তৈরি করা হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ‘আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না’ দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Prothom Alo: আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, যুক্তরাজ্যের মন্ত্রীকে জানালেন প্রধান উপদেষ্টা
- Bangladesh Nationalist Party-BNP: Facebook Post
- Rumor Scanner’s Analysis

