বিজয়ের মাসে ভোলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল দাবিতে এআই-নির্মিত ছবি প্রচার 

সম্প্রতি, “বিজয়ের মাসে ভোলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে ভোলা ফেরাঘাট এ বিশাল বিক্ষোভ মিছিল” দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে

এছাড়া, আলোচিত ছবিটি বঙ্গবন্ধুর সময়কার কোন এক নৌকার নির্বাচনী প্রচারণার দাবিতে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিজয়ের মাসে ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি করা ভুয়া ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ছবিটি পর্যবেক্ষণ করলে উপস্থিত ব্যক্তিদের দাঁড়িয়ে থাকার অঙ্গভঙ্গি ও ত্বকের গঠন এবং পেছনে থাকা ব্যানারসহ পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।

পরবর্তীতে, প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। বিশ্লেষণে জানা যায়, ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত।

এছাড়া, ছবিটি আরেক এআই কনটেন্ট শনাক্তকারী টুল ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশেরও বেশি।

এছাড়া, সাম্প্রতিক সময়ে ভোলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের কোনো খবর দেশিয় সংবাদমাধ্যমে কিংবা কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, এআই দিয়ে তৈরি করা ছবিকে বিজয়ের মাসে ভোলা আওয়ামীলীগের মিছিলের আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Analysis 
Share: