ভারতে মুসলিম ছাত্র ফেডারেশনের মহড়ার ভিডিওকে বাংলাদেশি ও পাকিস্তানি জিহাদিদের অনুপ্রবেশ দাবিতে প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বেশকিছু ভারতীয় অ্যাকাউন্ট থেকে ‘বাংলাদেশি এবং পাকিস্তানি জিহাদিরা ভারতের কেরালায় অনুপ্রবেশ করেছে’- এই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি গাড়িবহরে কিছু ব্যক্তি চাঁদ-তারকাখচিত সবুজ রঙের পতাকা প্রদর্শন করে মহড়া দিচ্ছে।

উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের কেরালা রাজ্যে বাংলাদেশ-পাকিস্তানের জিহাদি অনুপ্রবেশকারীদের কার্যক্রমের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ভারতের রাজনৈতিক দল আইইউএমএলের ছাত্র সংগঠন এমএসএফের একটি মহড়ার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে sahib.arambram নামক একটি ভারতীয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আবহ সঙ্গীত ব্যতীত উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওটি কোন সময়ের বা কোন উপলক্ষের তা জানা যায়নি। তবে, এটি অন্তত ২০২৫ সাল থেকে ইন্টারনেটে রয়েছে৷

পরবর্তীতে, আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে সেখানে একটি সবুজ-সাদা পতাকা লক্ষ্য করা যায়, যেটিকে পাকিস্তানের পতাকা বলে দাবি করা হয়েছে।

উক্ত পতাকাটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আনুভূমিকভাবে সমান সবুজ ও সাদা অংশ রয়েছে। ওপরে থাকা সবুজ অংশে উপরে বাম কোণে একটি সাদা অর্ধচন্দ্র ও তারা রয়েছে। এক নজরে এটি দেখে পাকিস্তানের জাতীয় পতাকা মনে হলেও দুটির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। পাকিস্তানের জাতীয় পতাকায় গাঢ় সবুজ রঙের মাঝখানে একটি সাদা অর্ধচন্দ্র ও তারা রয়েছে এবং পতাকার বাম দিকে উলম্বভাবে একটি সাদা অংশ রয়েছে।

অন্যদিকে, আলোচিত ভিডিওতে থাকা পতাকাটি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (IUML) এর ছাত্র সংগঠন মুসলিম স্টুডেন্ট ফেডারেশন (MSF) এর পতাকা। IUML এর পতাকাটি সম্পূর্ণ সবুজ রংয়ের, যেটিতে উপরে বাম কোণে একটি সাদা অর্ধচন্দ্র ও তারা রয়েছে। আর, MSF এর পতাকায় আনুভূমিকভাবে সমান সবুজ ও সাদা অংশ রয়েছে। ওপরে থাকা সবুজ অংশে উপরে বাম কোণে একটি সাদা অর্ধচন্দ্র ও তারা রয়েছে এবং নিচের সাদা অংশে সবুজ রংয়ে ‘msf’ লিখা রয়েছে।

এছাড়াও, ভিডিওতে দৃশ্যমান একটি বিলবোর্ডে ‘LearnDeck’ নামক একটি ওয়ান-টু-ওয়ান কোচিং ইন্সটিটিউটের বিজ্ঞাপন দেখা যায়, যা ভারতের কেরালায় অবস্থিত। বিলবোর্ডের নিচে একটি ফোন নম্বর (+91 90371 62456) এবং এর ঠিকানা ‘পালাকুট্টি, কোডুভাল্লি’ উল্লেখ করা রয়েছে। এটি ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় জেলায় অবস্থিত।

উল্লেখ্য, মুসলিম স্টুডেন্ট ফেডারেশন (MSF) ভারতে আইনগতভাবে স্বীকৃত একটি ছাত্র সংগঠন এবং এর সদস্যরা ভারতীয় নাগরিক।

সুতরাং, ভারতের কেরালায় বাংলাদেশ ও পাকিস্তানের জিহাদিদের অনুপ্রবেশ দাবিতে ভারতের মুসলিম ছাত্র ফেডারেশনের মহড়ার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: