বনানীতে কথিত নারীকে কুপিয়ে স্বার্ণলঙ্কার লুটের দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, রাজধানীর বনানী এলাকায় প্রকাশ্যে একজন মহিলাকে কুপিয়ে দুর্বৃত্তরা তার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে গিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। গত ২০ জানুয়ারি Natural Lifestyle নামের ফেসবুক পেজ থেকে প্রচারিত এই ভিডিওতে দাবি করা হয়, ঘটনাটি তার আগের দিনের অর্থাৎ, গত ১৯ জানুয়ারির।

প্রতিবেদনটি প্রকাশিত হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ২০ হাজার বার। এছাড়াও ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ৫৭৩ বার।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাজধানীর বনানী এলাকায় প্রকাশ্যে মহিলাকে কুপিয়ে তার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের চেন্নাই শহরের বেলাচেরি এলাকায় একজন ডেলিভারি কর্মীকে দুর্বৃত্তকারীদের হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে গত ১৯ জানুয়ারি বা সাম্প্রতিক সময়ে রাজধানীর বনানী এলাকায় আলোচিত ভিডিওটির মতো কোনো ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Siraj Noorani নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ২০ জানুয়ারি একই ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওটির শিরোনামে উল্লেখ করা হয়, এটি ভারতের চেন্নাই শহরের বেলাচেরি এলাকায় ডেলিভারি কর্মীকে দুর্বৃত্তকারীদের ধারালো অস্ত্র দিয়ে কুপানোর ভিডিও।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এবিপি-এর তামিল সংস্করণের ওয়েবসাইটে একই দিনে একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়। প্রতিবেদনটি থেকেও একই তথ্য জানা যায়। দুর্বৃত্তদের হামলার শিকার ওই ডেলিভারি কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

আরেক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত হামলার ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করেছে ভারতীয় পুলিশ।

সুতরাং, ভারতে ডেলিভারি বয়কে কুপিয়ে জখম করার ভিডিওকে রাজধানীর বনানীতে প্রকাশ্যে মহিলাকে কুপিয়ে দুর্বৃত্তকারীদের স্বর্ণালঙ্কার লুটের দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: