জামায়াত নেতা স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন দাবিতে বাংলা টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন জামাতের এক তরুণ নেতা’ শিরোনামে বাংলা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন জামাতের এক তরুণ নেতা’ শিরোনামে বাংলা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং, বাংলা টিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলা টিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৯ জুন, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
বাংলা টিভির লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, বাংলা টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে ৯ জুন গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে “স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। বাংলা টিভির মূল ফটোকার্ডটিতে ‘স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন জামাতের এক তরুণ নেতা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া একই শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকায় এক যুবক নিজের স্ত্রীকে তালাক দিয়ে সাবেক শাশুড়িকে বিয়ে করেছেন।
অর্থাৎ, বাংলা টিভির এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ‘স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন জামাতের এক তরুণ নেতা’ শিরোনামে বাংলা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangla TV: Facebook Post

