বিএনপি ও জাইমা রহমানকে জড়িয়ে বাংলা ভিশনের সম্পাদিত ফটোকার্ড প্রচার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে সম্প্রতি বিভিন্ন ফেসবুক একাউন্ট থেকে ডিপফেইক ও এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। বিএনপির আইসিটি দপ্তরের আবেদনের প্রেক্ষিতে এমন ৫০টিরও বেশি ফেইক আইডি ও পেজ রিমুভ করেছে মেটা। জাইমা রহমানের নামে আরও কিছু ফেইক আইডি ও পেজ অপসারণের বিষয়ে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে। একারণে নেটিজেনদের বিভ্রান্তি এড়াতে জাইমা রহমানের ভেরিফায়েড ফেসবুকইনস্টাগ্রাম আইডি প্রকাশ করে বিএনপি। এর প্রেক্ষিতে সম্প্রতি, ‘জাইমা রহমানের আসল ফেসবুক ও imo নাম্বার জানালো বিএনপি’ শিরোনামে বাংলা ভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাইমা রহমানের আসল ফেসবুক ও imo নাম্বার জানালো বিএনপি’ শিরোনামে বাংলা ভিশন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বাংলা ভিশনের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে বাংলা ভিশনের লোগো দেখতে পাওয়া যায়। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৫ জানুয়ারি, ২০২৬-এর উল্লেখ পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলা ভিশনের ফেসবুক পেজে উক্ত তারিখে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলা ভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, বাংলা ভিশনের ফেসবুক পেজে গত ১৫ জানুয়ারি ‘জাইমা রহমানের আসল ফেসবুক ইনস্টাগ্রাম আইডি জানালো বিএনপি’ শিরোনামে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে উক্ত ফটোকার্ডের একই জিনিসগুলোর সাদৃশ্য রয়েছে। এছাড়াও লক্ষ্য করা যায় উভয় ফটোকার্ড প্রকাশের তারিখও একই।

তবে, উভয় ফটোকার্ডে শিরোনামে পার্থক্য রয়েছে। মূল ফটোকার্ডে ‘জাইমা রহমানের আসল ফেসবুক ইনস্টাগ্রাম আইডি জানালো বিএনপি’ শিরোনাম থাকলেও আলোচিত ফটোকার্ডে লেখা রয়েছে ‘জাইমা রহমানের আসল ফেসবুক ও imo নাম্বার জানালো বিএনপি’। এছাড়াও বাংলা ভিশনের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও স্পষ্ট। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘জাইমা রহমানের আসল ফেসবুক ও imo নাম্বার জানালো বিএনপি’ শিরোনামে বাংলা ভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • Bangla Vision – Facebook Page
  • Bangla Vision – Website
  • Bangla Vision– YouTube Channel
  • Bangla Vision- Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: