সম্প্রতি, বাংলাদেশ সেনাবাহিনী কালাপাহাড় নামের একটি মিসাইল উৎক্ষেপণ করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর মিসাইল উৎক্ষেপণের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে পাকিস্তানের শাহীন-১ মিসাইল উৎক্ষেপণের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভয়েস অফ আমেরিকার ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২০ নভেম্বর ‘Pakistan Conducts Training Launch of Surface to Surface Ballistic Missile’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ১৬ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এছাড়া, সেসময় পাকিস্তান আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর) সহ বিভিন্ন গণমাধ্যম উক্ত ভিডিওটি (১, ২, ৩, ৪) প্রচার করে।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে পাকিস্তানি গণমাধ্যম ডনের ওয়েবসাইটে ২০১৯ সালের ১৮ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএসবিএম) শাহীন-১-এর একটি সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করে।
অর্থাৎ, ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর মিসাইল উৎক্ষেপণের নয়।
সুতরাং, ২০১৯ সালে পাকিস্তানের শাহীন-১ মিসাইল উৎক্ষেপণের ভিডিওকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিসাইল উৎক্ষেপণ দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Voice of America – Pakistan Conducts Training Launch of Surface to Surface Ballistic Missile
- ISPR Official – Press Release No 194/2019,Pakistan conducted launch of SSM Shaheen 1-8 Nov 2019 (ISPR Official Video
- Dawn – Pakistan successfully conducts training launch of surface-to-surface ballistic missile Shaheen-I


