জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিযুক্ত নতুন নোট ইস্যু করেনি বাংলাদেশ ব্যাংক

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক ৫০০, ৬০০, ১০০০ ও ২০০০ টাকার নতুন নোট চালু করেছে। এসব নোটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযোজন করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন কোনো নতুন নোট ইস্যু করা হয়নি। এ ধরনের নতুন নোট চালুর কোনো পরিকল্পনার কথাও এখন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি। প্রকৃতপক্ষে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিগুলো ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সর্বশেষ ইস্যুকৃত ১০০০ টাকার নোটের ছবি পাওয়া যায়। উক্ত নোটটির রঙের সাথে প্রচারিত ছবির রঙের কিছুটা মিল থাকলেও সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ছবি নেই। প্রচারিত নোটটিতে সিরিয়াল নম্বর হিসেবে ‘হ.ল ১০০৫০৭৮’ উল্লেখ করা হয়েছে। তবে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত বৈধ নোটসমূহে ৭ অঙ্কের ক্রমিক নম্বরের পূর্বে ব্যবহৃত দুটি বাংলা বর্ণের মাঝে কোনো ডট (.) ব্যবহারের প্রচলন নেই।

প্রচারিত জিয়াউর রহমানের ছবিযুক্ত সবুজ রঙের ৫০০ টাকার নোটটি পর্যালোচনায় একাধিক অসংগতি লক্ষ্য করা যায়। নোটটির বাম পাশে জিয়াউর রহমানের প্রতিকৃতি এবং ডান পাশে একই ছবির জলছাপ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর অনুপস্থিত, নোটটিতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ক্রমিক নম্বর উল্লেখ থাকলেও, দুই ভাষায় প্রদত্ত নম্বর একে অপরের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, যা একটি বৈধ ব্যাংক নোটের ক্ষেত্রে অস্বাভাবিক।

অন্যদিকে, খালেদা জিয়ার ছবিযুক্ত প্রচারিত ৫০০ টাকার নোটটির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ইস্যুকৃত নোটের শহিদ মিনারের দৃশ্যের মিল থাকলেও, প্রকৃত নোটে ডান পাশে খালেদা জিয়ার কোনো প্রতিকৃতি নেই।

প্রচারিত খালেদা জিয়ার ছবিযুক্ত ৬০০ টাকার নোট এবং জিয়াউর রহমানের ছবিযুক্ত ২০০০ টাকার নোট পর্যালোচনায় নকশা, লেখা ও বানানগত একাধিক অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। সাধারণত বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক নোট ইস্যু করে থাকে। অতীতে ২৫, ৪০, ৬০, ৭০ টাকার মতো অপ্রচলিত মূল্যমানের স্মারক নোট প্রকাশিত হলেও, সাম্প্রতিক সময়ে ৬০০ বা ২০০০ টাকার কোনো স্মারক নোট ইস্যুর তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বাংলাদেশ ব্যাংক ৫০০, ৬০০, ১০০০ ও ২০০০ টাকার আলোচিত নোটগুলো ইস্যু করেছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: