বাংলাদেশ ব্যাংক অনুমোদিত তারেক রহমানের ১৮ হাজার ৩০০ টাকার বিনিয়োগ স্কিম ঘোষণা দাবিতে ডিপফেক ভিডিও প্রচার 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সর্বনিম্ন ১৮ হাজার ৩০০ টাকার বিনিয়োগ স্কিম দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সর্বনিম্ন ১৮ হাজার ৩০০ টাকার কোনো বিনিয়োগ স্কিম ঘোষণা করেননি। প্রকৃতপক্ষে, তারেক রহমানের পুরোনো একটি ভিডিওতে এআই প্রযুক্তির সহায়তায় ভিন্ন অডিও ক্লিপ যুক্ত করে এই ডিপফেক ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে তারেক রহমানের ফেসবুক পেজে গত ০৯ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে তারেক রহমান ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী নানা প্রতিশ্রুতি সংবলিত বক্তব্য দেন।

উক্ত ভিডিওতে তারেক রহমানকে কথিত এই বিনোয়োগ স্কিম সংক্রান্ত কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।

উক্ত ভিডিওর একটি অংশ আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। এটির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগ সংক্রান্ত অডিও ক্লিপটি যুক্ত করা হয়েছে এবং ডিপফেক প্রযুক্তির সহায়তায় আলাদাভাবে যুক্ত অডিওর সাথে তারেক রহমানের মুখ ও ঠোঁটের নড়াচড়ায় সামঞ্জস্য করা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আলোচিত বিনিয়োগ স্কিম সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাদের নোটিশ বোর্ডে বিনিয়োগ, ঋণ প্রদান ইত্যাদি বিষয়ে কয়েকটি সতর্কীকরণ বার্তা রয়েছে। এসব সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে ভুয়া অ্যাপ ও ওয়েবসাইটের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে এবং এসবের সাথে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করা হয়েছে।

তাছাড়া, আলোচিত পোস্টটি প্রচারকারী Ivan Jose Diaz নামক পেজটি বাংলাদেশেরও কোনো পেজ নয়। ভিয়েতনাম ও আলজেরিয়া থেকে পেজটি পরিচালনা করা হচ্ছে। পেজটির অন্যান্য পোস্ট ও তথ্যের সাথে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

সুতরাং, তারেক রহমান কর্তৃক বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বিনিয়োগ স্কিম ঘোষণা দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-তৈরি।

তথ্যসূত্র

Share: