বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ব্রিজ ভেঙে মা ও শিশুর ভেসে যাওয়ার দৃশ্য দাবিতে ভারতের পুরোনো ভিডিও প্রচার

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কয়েকদিন যাবৎ দেশব্যাপী টানা বৃষ্টিপাত হচ্ছে। যাতে ইতোমধ্যে বেশ কয়েকটি অঞ্চল প্লাবিতও হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি, পারাপার হতে গিয়ে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে মা ও মেয়ের ভেসে যাওয়ার একটি ভিডিও বাংলাদেশের ঘটনা দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

একই দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পারাপার হতে গিয়ে ব্রিজ ভেঙে বন্যার পানিতে নারী ও শিশুর ভেসে যাওয়ার ঘটনাটি বংলাদেশের নয় বরং এটি ২০১৭ সালের ভারতের বিহারের ভিডিও।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কিছু কি-ফ্রেম রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে ২০১৭ সালের ১৮ আগস্ট প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি ভারতের বিহারের ঘটনা। এছাড়া ভিডিওটিতে উত্তেজিত জনতাকে হিন্দি ভাষাতেও কথা বলতে শোনা যায়।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ANI News এর ইউটিউব চ্যানেলেও একইদিনে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম ও বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘটনা। ব্রিজ ভেঙে পানিতে পড়ে যাওয়া ৩ জন একই পরিবারের সদস্য বলেও জানা যায়।

এছাড়াও পরবর্তীতে আরেক ভারতীয় গণমাধ্যম NDTV এর ওয়েবসাইটেও একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে আলোচিত ভিডিওটির বিষয়ে একই তথ্য পাওয়া যায়।

সুতরাং, সাম্প্রতিক সময়ের বন্যায় বাংলাদেশে ব্রিজ ভেঙে মা ও শিশুর ভেসে যাওয়ার ভিডিও দাবিতে ভারতের পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: