চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা দাবি করা হচ্ছে– ইসরায়েলের হামলায় ইরানে অক্ষত কোরআন শরিফের দৃশ্য এটি।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানের নয় বরং, এটি গত বছরের ২৫ নভেম্বর বাংলাদেশের ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড পরবর্তী ধ্বংসস্তূপ থেকে কোরআন শরিফ উদ্ধারের ভিডিও।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটিতে সাংবাদিকের হাতে বাংলাদেশী টেলিভিশন চ্যানেল ‘Global Tv News’ এর মাইক্রোফোন দেখা যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে Global Tv News এর ইউটিউব চ্যানেলে গত বছরের ২৬ নভেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, গত বছরের ২৫ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশের রাজধানীতে অবস্থিত কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় ধ্বংসস্তূপ থেকে একটি কোরআন শরিফ উদ্ধার করা হয়। সেই সময়কার ভিডিও এটি।
সেসময় এই ঘটনার আর টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড পরবর্তী ধ্বংসস্তূপ থেকে কোরআন শরিফ উদ্ধারের ভিডিওকে সম্প্রতি ইরানের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।


