গত ৭ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে, আগামী ৫ জুন ২০২৬ তারিখে সান মারিনোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সান মারিনো জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি আন্তর্জাতিক ফিফা টিয়ার-১ প্রীতি ম্যাচ খেলবে। একই সঙ্গে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ‘এটি হতে যাচ্ছে কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং একই সাথে ইউরোপের মাটিতে খেলা বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ।’

এছাড়াও, এরূপ দাবি নানা গণমাধ্যমের ফেসবুক পেজেও করা হয়। এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট : চ্যানেল আই, এখন টিভি, টিস্পোর্টস, একাত্তর টিভি, মাছরাঙা টিভি, নিউজ২৪, কালবেলা, লাতিন বাংলা, স্পোর্টসজোন২৪।
এরূপ দাবিতে গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার ফেসবুক পেজে পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগামী জুনে সান মারিনোর সাথে বাংলাদেশ ফুটবল দলের হতে যাওয়া ম্যাচটি ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ বা ইউরোপের মাটিতে খেলা বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ এর আগেও ২০০১ সালে ইউরোপীয় দল বসনিয়া-হার্জেগোভিনা ও যুগোস্লাভিয়ার বিপক্ষে খেলেছে এবং ইউরোপের মাঠ ফিলবার্ট স্ট্রিটে ২০০০ সালের ২৯ জুলাই ভারতের বিপক্ষে খেলেছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘RSSSF’ নামের একটি অলাভজনক ফুটবল বিষয়ক অনলাইন আর্কাইভের ওয়েবসাইটে ২০০১ সালের জানুয়ারিতে মিলেনিয়াল সুপার সকার কাপ/সাহারা কাপ নামের একটি ফুটবল টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়। জানা যায়, ২০০১ সালের ১২ জানুয়ারি এ টুর্নামেন্টে বাংলাদেশ বসনিয়া-হার্জেগোভিনার সাথে ভারতের কোচিনের নেহরু স্টেডিয়ামে খেলে এবং ২-০ গোলে হারে। এর চার দিন পর ১৬ জানুয়ারিতে বাংলাদেশ যুগোস্লাভিয়ার বিপক্ষে একই মাঠে খেলে এবং ১-৪ গোলে হারে। প্রসঙ্গত, বসনিয়া-হার্জগোভিনা ও যুগোস্লাভিয়া দুই দলই ইউরোপীয়ান দল।
এছাড়াও, সার্বিয়া সরকারের অফিশিয়াল ঐতিহাসিক আর্কাইভ ওয়েবসাইটেও উপরোক্ত দুই ম্যাচের তথ্য পাওয়া যায়। পাশাপাশি, ইউরোপে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA) এর ওয়েবসাইটেও বসনিয়া-হার্জেগোভিনার সাথে হওয়া বাংলাদেশের এ দুইটি ম্যাচের তথ্য পাওয়া যায়। এছাড়াও, ফুটবলের দলবদল, বাজার মূল্য, পরিসংখ্যান সংক্রান্ত প্ল্যাটফর্ম ট্রান্সফারমার্কেট এর ওয়েবসাইটেও উপরোক্ত দুই ম্যাচের তথ্য পাওয়া যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায় যে বাংলাদেশ ইতোপূর্বে ইউরোপীয়ান দলের বিপক্ষে ফুটবল খেলেছে। প্রসঙ্গত, যুগোস্লাভিয়া বর্তমানে কোনো একক দেশ হিসেবে বিদ্যমান নয়। নানা সময়ে যুগোস্লাভিয়া ভেঙ্গে নানা দেশ হওয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ ম্যাচের প্রায় দুই বছর পর ২০০৩ সালে যুগোস্লাভিয়া নাম পরিবর্তন করে ‘সার্বিয়া ও মন্টিনেগ্রো’ করা হয় এবং পরবর্তীতে এগুলোও ভেঙ্গে নতুন দেশের সৃষ্টি হয়। তবে বসনিয়া-হার্জেগোভিনা এখনও ইউরোপীয়ান দেশ হিসেবেই বিদ্যমান।
বাংলাদেশ ফুটবল দল ইউরোপীয় মাটিতে ইতোপূর্বে খেলেছে কি না এ বিষয়ে অনুসন্ধানে ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরী দ্বারা পরিচালিত ফুটবল-ভিত্তিক ব্লগ এবং কনসালটেন্সি সাইট ‘অরুণফুট’ এর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০০০ সালের ২৯ জুলাই ইংল্যান্ডের লেস্টার সিটির পুরনো ফিলবার্ট স্ট্রিট মাঠে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল। ম্যাচে ভারত বাংলাদেশকে ১-০ গোলে পরাজিত করেছে। অনুসন্ধানে ম্যাচটির নানা ছবি স্টক ছবি/মিডিয়ার ওয়েবসাইট অ্যালামি ও গেটি ইমেজ সূত্রে পাওয়া যায়।
এছাড়াও, এ বিষয়ে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০০০ সালে ইংল্যান্ডে ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের কোচ ছিলেন হাসানুজ্জামান বাবলু। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভারতের সঙ্গে সেই ম্যাচটি হয়েছিল লেস্টারে। বাইচুং ভুটিয়া তখন ভারতের অধিনায়ক এবং ইংল্যান্ডের একটি টিমে খেলছিল। দুই দেশের জাতীয় দল অংশ নিয়েছিল ম্যাচটায়। ভারতের ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা এর উদ্যোক্তা ছিলেন। ম্যাচটা আমরা ১-০ গোলে হেরেছি এবং বাংলাদেশের গোলকিপার ছিল আমিনুল।’
অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে বাংলাদেশ ফুটবল দল ইতোপূর্বে ইউরোপের মাটিতে ফুটবল খেলেছে।
সুতরাং, আগামী জুনে সান মারিনোর সাথে বাংলাদেশ ফুটবল দলের হতে যাওয়া ম্যাচটি ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ বা ইউরোপের মাটিতে খেলা বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ হতে যাচ্ছে শীর্ষক দাবি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- RSSF – Millennium Super Soccer Cup – India 2001
- arhiva.serbia.gov.rs – Yugoslavia vs. Bangladesh 4-1
- UEFA – Bosnia and Herzegovina 2 – 0 Bangladesh
- Transfermarkt – Bangladesh vs Yugoslavia
- Transfermarkt – Bosnia-Herzegovina vs Bangladesh
- Arunfoot – 25th Anniversary: Remembering India vs Bangladesh in Leicester; July 29, 2000!
- Alamy – Soccer – Friendly – India v Bangladesh – Filbert Street, Leicester.
- Getty Images – India’s Baichung Bhutia dribbles during the match
- Prothom Alo – ইউরোপে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
- Rumor Scanner’s analysis


