বাংলাদেশি সরকারি হাসপাতালে রোগীর সামনে ডাক্তারের ঘুমানোর দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চেয়ারে একজন ব্যক্তির ঘুমানোর দৃশ্য প্রচার করে দাবি করা হয়েছে, এটি সরকারি হাসপাতালের দৃশ্য যেখানে রোগীর সামনে ডাক্তার ঘুমাচ্ছেন। 

ভিডিওটি কোনদেশের তা সুস্পষ্টভাবে উল্লেখ না করায় অনেকেই এটি বাংলাদেশের ভিডিও দাবিতে মন্তব্য করেছেন। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি এককভাবে প্রায় ৫ লক্ষ বার দেখা হয়েছে এবং ১৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের সরকারি হাসপাতালে রোগীর সামনে ডাক্তারের ঘুমানোর দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি ২০২৫ সালে ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালের দৃশ্য।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২৯ জুলাইয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে একটি দৃশ্যের সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত ভিডিওরও সংযুক্তি পাওয়া যায়।

এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ‘উত্তরপ্রদেশের মিরাটে চিকিৎসার চরম গাফিলতির এক ভয়াবহ ঘটনা সামনে এসেছে, যেখানে দায়িত্বরত চিকিৎসকরা ঘুমাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। আর এসময়ে লালা লাজপত রায় মেমোরিয়াল (LLRM) মেডিকেল কলেজের জরুরি বিভাগে এক সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি রক্তক্ষরণে মারা যান। একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর সোমবার সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী সুনীলকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। যাইহোক, তাকে অবিলম্বে চিকিৎসা সহায়তা দেওয়ার পরিবর্তে, জুনিয়র ডাক্তার ভূপেশ কুমার রাই এবং অনিকেত পাশেই ঘুমিয়ে ছিলেন; আর সুনীল স্ট্রেচারের ওপর রক্তাক্ত অবস্থায় ব্যথায় কাতরাচ্ছিলেন।’ (অনূদিত)

এ বিষয়ে আরো একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে সেসময়ে সংবাদ প্রচার হতে দেখা যায়। সেসব সংবাদমাধ্যমেও এটি ভারতের উত্তরপ্রদেশের দৃশ্য বলা হয়।

সুতরাং, বাংলাদেশের সরকারি হাসপাতালে রোগীর সামনে ডাক্তারের ঘুমানোর দৃশ্য দাবিতে ২০২৫ সালে ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: