২০০ টাকায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন—প্রতারকদের ফাঁদ, ছবিগুলো এআই

আগামীকাল (০৫ মে) এসএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা। এর প্রেক্ষিতে আজ সকাল থেকেই এই বিষয়ের প্রশ্ন ফাঁস হয়েছে দাবিতে একটি সৃজনশীল প্রশ্নের ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্য আরো একটি প্রশ্নের একাধিক কপির ছবি তুলে বলা হচ্ছে, মাত্র ২০০ টাকা দিলেই পাওয়া যাবে এই প্রশ্ন।

এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো চলতি বছরের এসএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্নের নয়। প্রকৃতপক্ষে, এআই দিয়ে ২০২৫ সালের ময়মনসিংহ বোর্ডের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নের ছবিকে সম্পাদনা করে এবং এআই দিয়ে ভুয়া আরেকটি প্রশ্নের ছবি বানিয়ে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

প্রচারিত সৃজনশীল প্রশ্নের একক ছবিটি বিশ্লেষণ করে এক পাতায় অন্তত ১১টি বিকৃত ও অস্পষ্ট বানান লক্ষ্য করা যায়। এমন বানান মূলত এআই সম্পাদনায় পরিলক্ষিত হয়। যেমন, ‘নির্দেশ’কে লেখা হয়েছে ‘নির্দোর’, যা সাধারণত এসএসসির মতো একটি পাবলিক পরীক্ষায় দেখা যায় না।

অনুসন্ধানে গত বছরের এসএসসি পরীক্ষার ময়মনসিংহ বোর্ডের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নের সাথে আলোচিত ছবির প্রশ্নের অংশের পুরোপুরি মিল পাওয়া যায়। 

মূলত এই প্রশ্নের ছবি দিয়ে সাল বদলানোসহ আনুষঙ্গিক কমান্ড দিয়ে এআই এর মাধ্যমে ছবিটি সম্পাদনা করা হয়েছে।

পরবর্তীতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্ন দাবিতে আরেকটি যে ছবি প্রচার হচ্ছে তা অনুসন্ধানে ছবির প্রশ্নটি বিশ্লেষণে বহু অসঙ্গতি লক্ষ্য করা যায়। প্রথমত, প্রশ্নের ওপরের দিকে থাকা লেভেল প্রচলিত এসএসসির প্রশ্নের সাথে মিল নেই। দ্বিতীয়ত, চলতি বছর পাঁচটি সৃজনশীল ও ১০টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এই বিষয়ে। কিন্তু এই ছবির প্রশ্নে সেই বিষয়ক কোনো নির্দেশনা নেই। তৃতীয়ত, প্রশ্নের সিরিয়াল ঠিক নেই এতে। ১ নং না দিয়ে প্রশ্ন শুরু হয়েছে ২ নং দিয়ে। চতুর্থত, প্রতিটি অনুচ্ছেদ পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। অথচ সব অনুচ্ছেদেই চারটি করে প্রশ্ন রয়েছে, যা সৃজনশীলের প্রচলিত ধরণ। সৃজনশীলে প্রতি অনুচ্ছেদে সাথে থাকা চারটি প্রশ্নেরই উত্তর দিতে হয়। পঞ্চমত, ছবিতে থাকা প্রশ্নের বানানগুলো পড়তে গিয়ে রীতিমতো দুর্বোধ্য ঠেকছে। এমন বানান মূলত এআই সম্পাদনায় পরিলক্ষিত হয়।

অর্থাৎ, প্রশ্নফাঁস দাবিতে প্রচারিত দুটো ছবিতেই এআই এর ব্যবহার দেখা যাচ্ছে।

সুতরাং, এসএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নফাঁস দাবিতে প্রচারিত ছবিগুলো এআই সম্পাদিত।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
Share: