তুলসী গ্যাবার্ডকে জড়িয়ে বাংলাদেশের নামে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি

সম্প্রতি, ‘সিআইএ প্রধান তুলশী গ্যাবর্ডকে দয়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে পাকিস্তানের জ’ঙ্গি ঘাঁটি নির্মূল করে দাও’ র্শীষক মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে চারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া, তুলশী গ্যাবার্ড নয়, সিআইএ’র প্রধান হলেন জন র্যাটক্লিফ। তুলশী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তির সহায়তায় এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়াটা স্বাভাবিক। তবে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি। এমনকি ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও (ফেসবুক, এক্স) এসংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি।
এরপর, অনুসন্ধানে হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে ০৬ নভেম্বর ‘President Trump Delivers Remarks at the America Business Forum Miami’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি লাইভ ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ডোনাল্ড ট্রাম্পের পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং অঙ্গপ্রতঙ্গ নাড়াচাড়ার সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

তবে, এক ঘন্টা ০৬ মিনিটের লাইভ ভিডিওর কোথাও ডোনাল্ড ট্রাম্পকে আলোচিত দাবির সপক্ষে কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
অর্থাৎ, ডোনাল্ড ট্রাম্পের উক্ত ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত ভিডিওটি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। উক্ত টুলের বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

এআই অডিও কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Resemble AI এ ভিডিওটির অডিও যাচাই করা হলে সেটিকে ‘Fake’ বলে চিহ্নিত করা হয়েছে।

সুতরাং, এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ভিডিওকে বাংলাদেশ প্রসঙ্গে তুলসী গ্যাবার্ডকে জড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Donald Trump- Facebook Page
- Donald Trump- X Account
- The White House- President Trump Delivers Remarks at the America Business Forum Miami
- Rumor Scanner’s Own Analysis

