রাজাকার প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে বাংলাদেশ টাইমস এর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান “৭১ সালে মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী রাজাকারেরা যতই ক্ষমা চায়, দেশের জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না” বলে মন্তব্য করেছেন দাবিতে অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমস এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজাকার প্রসঙ্গে এমন কোনো মন্তব্য করেননি এবং বাংলাদেশ টাইমসও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ টাইমস কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমসের নাম সংবলিত লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৬ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উপরোক্ত তথ্যের সূত্র ধরে বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাদেশ টাইমসের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে গত ১৪ ডিসেম্বরে ‘বাংলাদেশে সহিংস রাজনীতির সংস্কৃতির কোনো জায়গা নেই’ শিরোনামে সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

আলোচিত দাবির ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে বাংলাদেশ টাইমসের লোগো এবং পরিবেশ ও বন উপদেষ্টার ছবির মিল রয়েছে, তবে শিরোনামে ভিন্নতা রয়েছে। আলোচিত ফটোকার্ডটিতে মূল শিরোনামের স্থলে “৭১ সালে মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী রাজাকারেরা যতই ক্ষমা চায়, দেশের জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না” শীর্ষক শিরোনামে যুক্ত করা হয়েছে। এছাড়া, ফন্ট ডিজাইনের সাথেও বাংলাদেশ টাইমসের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, বাংলাদেশ টাইমস এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বাংলাদেশ টাইমসের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শুধু ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়, এটি গণতন্ত্র পুনর্গঠনের একটি নির্ণায়ক মুহূর্ত” শীর্ষক বক্তব্য দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তাছাড়া, “দীর্ঘদিন ধরে যে বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, ফেব্রুয়ারির নির্বাচন সেই লক্ষ্য অর্জনের যাত্রার সূচনা হতে পারে” বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি, বাংলাদেশ টাইমস ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

সুতরাং, রাজাকার প্রসঙ্গে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্ধৃত করে বাংলাদেশ টাইমস এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: