একতরফা নির্বাচন অভিযোগ তুলে জাতিসংঘের বাংলাদেশে সফর স্থগিতের দাবিটি ভুয়া

সম্প্রতি, ‘নির্বাচন প্রশ্নে কড়া অবস্থান, একতরফা নির্বাচন দাবি করে বাংলাদেশ সফর স্থগিত করলো জাতিসংঘ!’ শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, একতরফা নির্বাচন দাবি করে বাংলাদেশে সফর স্থগিত করেনি জাতিসংঘ এবং জাতিসংঘের উক্ত সফরটি নির্বাচনকে কেন্দ্র করেও নয়। প্রকৃতপক্ষে, চলতি মাসে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা ও নিজেদের অবস্থান জানাতে এবং বাংলাদেশের এলডিসি–উত্তরণ বিষয়ে ২১ জানুয়ারি একটি স্বাধীন প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের কথা ছিল জাতিসংঘের। কিন্তু, নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অসম্মতি জানানো হলে সফর স্থগিত করে জাতিসংঘ।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম এমনকি জাতিসংঘের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়নি।

তবে, প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৭ জানুয়ারি ‘জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা ও নিজেদের অবস্থান জানাতে চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের একটি প্রতিনিধিদলের। সেই সঙ্গে বাংলাদেশের এলডিসি–উত্তরণ বিষয়ে ২১ জানুয়ারি একটি স্বাধীন প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের কথা ছিল। কিন্তু এর আগেই জাতিসংঘ প্রতিনিধিদলের সফর আপাতত স্থগিত করা হয়েছে। নতুন কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও পঞ্চম এলডিসি সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমার নেতৃত্বে প্রতিনিধিদলটির ঢাকায় আসার কথা ছিল। জাতীয় সংসদ নির্বাচনের যুক্তি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সফরের বিষয়ে ‘না’ জানানো হয়েছে বলে প্রথম আলো নিশ্চিত হয়েছে।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেছেন, ‘জাতিসংঘ এ দফায় আসছে না মানে পরে আসবে। তবে তাদের মূল্যায়ন প্রতিবেদনটা আমরা পেয়ে যাব। এরপর বাকি প্রক্রিয়া ধীরে ধীরে এগোবে।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেছেন, ‘তারা (জাতিসংঘ) প্রস্তাব দিয়েছিল উপদেষ্টা পরিষদসহ বড় সম্মেলন করার। আমরা বলেছি, সামনে সংসদ নির্বাচন। অল্প সময়ের মধ্যে তা করা সম্ভব হবে না।’

অর্থাৎ, জাতিসংঘের সফরটি নির্বাচনকে কেন্দ্র করে নয়।

সুতরাং, ‘নির্বাচন প্রশ্নে কড়া অবস্থান, একতরফা নির্বাচন দাবি করে বাংলাদেশ সফর স্থগিত করলো জাতিসংঘ!’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: