বাংলাদেশি হিন্দু তরুণীর ভারতীয়দের উদ্দেশ্যে আর্তনাদের দৃশ্য দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামের এক হিন্দু পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দলবদ্ধভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার পর বিষয়টি ঘিরে দেশ-বিদেশে আলোচনা শুরু হয়। এরপর ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত নানা প্রচারণা দেখা যায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশি ও ভারতীয় একাধিক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের এক হিন্দু তরুণীর আর্তনাদের দৃশ্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
প্রচারিত ভিডিওটিতে এক তরুণীকে কান্না করতে করতে, “ইন্ডিয়ান দাদারা, আমি বাংলাদেশ থেকে বলছি। একটা ছেলে আমাকে বলছে, ‘তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে সব দেখব, নিরাপদ রাখুম।’ কিন্তু দাদা, আমি খুব ভয় পাচ্ছি।” শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশি হিন্দু তরুণীর ভারতীয়দের উদ্দেশ্যে করে আর্তনাদের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সহায়তায় আলোচিত দাবিতে প্রচারিত তৈরি করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ভিডিওটির সন্ধান পাওয়া যায়নি। এমনকি এ সংক্রান্ত কোনো তথ্যও পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে All Time Happy নামের একটি ভারতীয় ফেসবুক পেজে ভিডিওটি গত ২৪ ডিসেম্বর প্রচারিত হতে দেখা যায়।

উক্ত পেজটি পর্যালোচনা করে প্রায় একই ধরনের একাধিক ভিডিও পেজটিতে বিভিন্ন সময় প্রচারিত হতে দেখা যায়। প্রতিটি ভিডিওতেই বিভিন্ন বয়সের মানুষ ও শিশুদের কান্না করে বাংলাদেশ এবং পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ তুলে কথা বলতে দেখা যায়। প্রায় প্রতিটি ভিডিওতেই এআইজনিত অসঙ্গতি রয়েছে।

একইভাবে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতেও কিছু এআইজনিত অসঙ্গতি লক্ষণীয়। ভিডিওতে দেখতে পাওয়া তরুণীর চোখের পানি দেখতে অনেকটা অবাস্তব লাগছে। এমনকি তার কথাতেও সামঞ্জস্যতা নেই।
পরবর্তীতে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯১.৯ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে বাংলাদেশি হিন্দু তরুণীর ভারতীয়দের কাছে সহায়তা চেয়ে আর্তনাদের আসল দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- All Time Happy Facebook Post
- Hive Detect
- Rumor Scanner’s Analysis

