ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ দাবিতে বেনাপোল সীমান্তে প্যারেডে দর্শনার্থীদের ভিডিও প্রচার

সম্প্রতি, ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে বেশকিছু ভারতীয় অ্যাকাউন্ট থেকে ‘সীমান্তের গেট খুলতেই ভারতে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা পালানোর জন্য হুড়োহুড়ি করছে’ ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, যশোরের বেনাপোল সীমান্তে আয়োজিত বিজিবি-বিএসএফের যৌথ প্যারেড অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে Press tv নামক ফেসবুক পেজে গত ৩০ মে প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, বেনাপোল সীমান্তের গেট খুলতেই দর্শনার্থীরা হুড়োহুড়ি করে সীমান্তে পৌঁছানোর দৃশ্য এটি। তবে, ক্যাপশনে এটি কোন উপলক্ষের ঘটনা তা উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে, Press tv নামক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেইজটি নিয়মিতভাবে বেনাপোল সীমান্ত এলাকার বিভিন্ন ঘটনা প্রচার করে থাকে। পেজটি যাচাই করে একই ঘটনার ছবি ও ভিডিও সংবলিত আরও কিছু পোস্ট (১, ২) খুঁজে পাওয়া যায়।
এসব পোস্টের ক্যাপশন থেকে যায়, এটি গত ৩০ মে যশোরের বেনাপোল সীমান্তে আয়োজিত বিজিবি-বিএসএফের যৌথ প্যারেড অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীদের ভিড়ের দৃশ্য। এই প্যারেড অনুষ্ঠান সেদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিলো।
এছাড়া, RH Akash নামক ফেসবুক প্রোফাইলে গত ৩১ মে প্রকাশিত একই ঘটনার একই স্থানের ভিন্ন ফ্রেমের ধারণকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই প্রোফাইলটি থেকেও নিয়মিতভাবে সীমান্তের বিভিন্ন তথ্য প্রচার করা হয়।
সুতরাং, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার দৃশ্য দাবিতে বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের প্যারেড অনুষ্ঠানে দর্শনার্থীদের ভিড়ের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Press tv – Facebook Post
- Press tv – Facebook Post
- Press tv – Facebook Post
- RH Akash – Facebook Post

