বিএনপিকে জড়িয়ে ‘সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনর্বহাল রাখাটা অযৌক্তিক’ শিরোনামে বাংলাভিশনের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, বিএনপিকে জড়িয়ে “সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুর্নবহাল রাখাটা অযৌক্তিক” শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশন এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুর্নবহাল রাখাটা অযৌক্তিক’ শীর্ষক তথ্যে বা শিরোনামে বাংলাভিশন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, বাংলাভিশনের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলাভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২৩ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ২৩ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে থাকা ছবি এবং ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ ও বাংলাভিশনের লোগোর মিল রয়েছে। তবে, উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডটিতে ‘সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুনর্বহাল করবে বিএনপি: মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুর্নবহাল রাখাটা অযৌক্তিক’ শীর্ষক বাক্যটি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, বাংলাভিশনের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বাংলাভিশনের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৩ ডিসেম্বর সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলামের সাথে রাজনৈতিক সমঝোতা বিষয়ক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ভয়াবহ ফ্যাসিস্ট দেশের সব কাঠামো ভেঙ্গে দিয়েছিলো। সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা সরিয়ে দিয়েছিলো শেখ হাসিনা। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সেটি পুনর্বহাল করবে।”

সুতরাং, “সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা’ পুর্নবহাল রাখাটা অযৌক্তিক” শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র 

Share: