বরিশালে সম্প্রতি আ.লীগের মহড়ার ভিডিও দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহড়ার ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘প্রতিবিপ্লবের আলোয় আলোকিত বরিশাল, আজ সন্ধ্যায় বরিশাল মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণার ২ ঘন্টা পরেই গেরিলা বাহিনীর সাহসী যোদ্ধারা সহস্রাধিক মোটরসাইকেল সহকারে প্রত্যাবর্তন পূর্ববর্তী মহড়া দিলো। শুধুমাত্র একটি ডাকের অপেক্ষায় সমগ্র দেশ, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমরা মাঠে নামতে প্রস্তুত।’ পাশাপাশি, প্রচারিত ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায় এবং একজন ব্যক্তিকে এটি বরিশালের ভিডিও দাবি করতেও শোনা যায়।

অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওটি সম্প্রতি বরিশালে আওয়ামী লীগের মহড়ার ভিডিও।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বরিশালে সম্প্রতি আওয়ামী লীগের মহড়ার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাইয়ে বরিশালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহড়ার দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘পলিটেকনিক বন্ধুমহল’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Mohammad Evan RaKib’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ১৮ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওটির বিষয়ে ইভান রাকিবের ফেসবুক পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ‘বরিশালের বর্তমান অবস্থা আনুমানিক ১১ টার পরে ছাত্রলীগের অবস্থান…’।

এছাড়াও, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি তথ্য University of Dhaka (DU) Admission’ নামের একটি ফেসবুক গ্রুপেও বরিশালে ছাত্রলীগের মহড়ার দৃশ্য দাবিতে ২০২৪ সালের ১৮ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়।

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মহড়ার দৃশ্যের নয়।

সুতরাং, বরিশালে সম্প্রতি আওয়ামী লীগের মহড়ার দৃশ্য দাবিতে ২০২৪ সালের জুলাইয়ে বরিশালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহড়ার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Mohammad Evan RaKib – Facebook Post
  • ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি তথ্য University of Dhaka (DU) Admission – Facebook Post
Share: