গত ১৫ ডিসেম্বর ‘আজ বরিশালে আওয়ামীলীগের বিশাল বিক্ষোভ মিছিল তাদের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিটিতে জনতাকে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” লেখা ব্যানারসহ একটি মিছিলে অংশ নিতে দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে মানুষের মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং, বরিশালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect
- Rumor Scanner’s Analysis


