শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে সারাদেশে ১৬ ও ১৭ নভেম্বর দুই দিনের সর্বাত্মক ‘শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে গত ১৫ নভেম্বর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় আওয়ামীলীগের শাটডাউন সর্মথনে মিছিলে পুলিশের হামলার পরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এলাকায় বর্তমানে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের সংর্ঘষ চলছে।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বরিশালে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি সমর্থনে মিছিলের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে স্থানীয় আওয়ামীলীগ কর্মীদের সংর্ঘষের দৃশ্যের নয় বরং, গত ১৫ নভেম্বর বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘সময়ের খবর পটুয়াখালী’ নামের একটি ফেসবুক পেজে গত ১৫ নভেম্বর দিবাগত রাতে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর তুলনা করলে মিল পাওয়া যায়। ভিডিওর বিষয়ে পোস্টটির ক্যাপশনে বলা হয়, ‘বরিশালে হাফ ভাড়া নিয়ে পরিবহনশ্রমিক-শিক্ষার্থীদের সং ঘ র্ষ’।

এছাড়াও, একই ঘটনার বিষয়ে একাধিক গণমাধ্যমে প্রচারিত ভিডিও প্রতিবেদনে সংযুক্ত ভিডিওতে প্রদর্শিত পারিপার্শ্বিক দৃশ্যের সাথেও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’, ‘দ্যা ডেইলি স্টার’সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। এ বিষয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়, বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়া নিয়ে গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস টার্মিনালে শ খানেক বাস ভাঙচুর করা হয়।
তবে প্রতিবেদনের কোথাও আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি বা কর্মসূচির সমর্থনে মিছিলের প্রেক্ষিতে সংঘর্ষের কোনো উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, বরিশালে হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার দৃশ্যকে আ.লীগের শাটডাউন কর্মসূচি সমর্থনে মিছিলের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে স্থানীয় আ.লীগ কর্মীদের সংর্ঘষের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- সময়ের খবর পটুয়াখালী – বরিশালে হাফ ভাড়া নিয়ে পরিবহনশ্রমিক-শিক্ষার্থীদের সং ঘ র্ষ
- Channel 24 – বরিশালে বাসভাড়া নিয়ে দ্বন্দ্বে শ্রমিক-শিক্ষার্থী সং/ঘর্ষ, ১০ বাস ভাঙচুর | Barishal | Channel 24
- Nagorik TV – ৫ টাকা বাস ভাড়া নিয়ে বরিশালে তুলকালাম!
- Prothom Alo – বরিশালে পরিবহনশ্রমিক–শিক্ষার্থীদের সংঘর্ষের পর বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
- The Daily Star – বরিশালে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষে ১০ বাস ভাঙচুর, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ
- Rumor Scanner’s analysis


