সম্প্রতি, ‘বরিশালে বিএনপি–জামায়াত সংঘর্ষে নিহত ৫’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা, নির্বাচনকে কেন্দ্র করে বরিশালে বিএনপি-জামায়াতের মধ্যকার সংঘর্ষে পাঁচজন নিহতের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ০৩ ও ০৬ ফেব্রুয়ারি বরিশালের ভোলা-২ ও ভোলা-৪ আসনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও কেউ নিহত হননি।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে নির্বাচন উপলক্ষে সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে কেউ নিহত হয়েছেন কি এই দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, দেশ রূপান্তরের ওয়েবসাইটে গত ০৩ ফেব্রুয়ারি “ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৩ ফেব্রুয়ারি সাড়ে ১১টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সিরহাট বাজারে ভোলা-২ আসনের দৌলতখান উপজেলায় প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এছাড়া, গত ০৬ ফেব্রুয়ারি প্রথম আলোর ওয়েবসাইটে “মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৬ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে দৌলতখান উপজেলায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তা, গণসংযোগে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে।
উক্ত দুই ঘটনায় আহতের তথ্য পাওয়া গেলেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
পাশাপাশি, বরিশাল বিভাগে মোট ছয়টি বিভাগ রয়েছে। এরমধ্যে সাম্প্রতিক সময়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮)। তবে, উক্ত সংঘর্ষের ঘটনাগুলোতে একাধিক ব্যক্তি আহত হলেও কেউ নিহত হননি।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য বরিশালের একাধিক গণমাধ্যমকর্মীর সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার।
প্রথম আলোর বরিশাল প্রতিনিধি নেয়ামত উল্লাহ বলেন, ‘একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেগুলো আহত হলেও কেউ নিহত হননি। এটি সঠিক নয়।’
বাংলাদেশ প্রতিদিনের বরিশাল প্রতিনিধি আবু সিদ্দিক বলেন, ‘সাতজন নিহতের দাবিটি মিথ্যা।’
সুতরাং, বরিশাল জামায়াত-বিএনপির সংঘর্ষে পাঁচজন নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Desh Rupantar- ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫
- Prothom Alo- মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০
- Jago News- পটুয়াখালীতে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র বিএনপি-জামায়াতের সংঘর্ষ
- Somoy Tv- পটুয়াখালীতে বিএনপির দুপক্ষের হাতাহাতি
- Prothom Alo- ‘জামায়াতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে’ বলা নিয়ে ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩০
- Daily Star- ভোলার বোরহানউদ্দিনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি দোষারোপ
- Ittefaq- বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০
- Jago News- বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ
- Dhaka Post- জামায়াতের সঙ্গে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, বিএনপির ২ নেতা আহত
- Daily Star- পাথরঘাটায় বিএনপির ২ নেতার ওপর হামলা: জামায়াত নেতা গ্রেপ্তার
- Local Journalist’s Statement


