নির্বাচনী প্রচারণায় পাকিস্তানের পতাকা হাতে ব্যারিস্টার আরমান দাবিতে এআই দিয়ে সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি, ‘পাকিস্তানের পতাকা হাতে নির্বাচনী প্রচারণায় রাজাকার পুত্র। নেত্রী রাজাকারের নাতিপুতি কাদের বলেছিলো বুঝতে পেরেছেন?’ শীর্ষক ক্যাপশনে মীর আহমদ বিন কাসেমের (ব্যারিস্টার আরমান) একটি ছবি প্রচার করা হচ্ছে।

ছবিটিতে ব্যারিস্টার আরমানের হাতে পাকিস্তানের পতাকা দেখা যায়।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচনী প্রচারণায় ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমানের হাতে পাকিস্তানের পতাকা থাকার ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশের পতাকা হাতে থাকা তার প্রচারণার একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে সম্পাদনা করে পাকিস্তানের পতাকা ধরানো হয়েছে।

অনুসন্ধানে bdtoday.net নামক সংবাদ ভিত্তিক একটি ওয়েবসাইটে গত ২১ নভেম্বর ‘ঢাকা–১৪ আসনে আরমানের সমর্থনে গণমিছিল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির ব্যাকগ্রাউন্ড, ব্যারিস্টার আরমানের পোশাক, ব্যানার ও পেছনের মানুষের সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ নভেম্বর সকালে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমানের সমর্থনে নির্বাচনি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত গণমিছিলের ছবি এটি।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ইত্তেফাকের ফেসবুক পেজে গত ২১ নভেম্বরই ব্যারিস্টার আরমানের নির্বাচনী গণমিছিলের একটি লাইভ পাওয়া যায়। ইত্তেফাকের ০৯ মিনিট ১২ সেকেন্ডের পুরো লাইভটি পর্যবেক্ষণ করে দেখা যায়, গণমিছিলে পাকিস্তানের পতাকা হাতে নয় বরং, তিনি বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর পতাকা হাতে তিনি মিছিল করেন।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যাচাইকারী ওয়েবসাইট ইমেজ হুইসপারারে পরীক্ষা করা হলে দেখা যায়, ছবিটি এআই ব্যবহার করে সম্পাদিত। পাকিস্তানের পতাকার অংশটিই পরিবর্তিত করা হয়েছে বলে ওয়েবসাইটটির বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, প্রচারিত ছবিটি এআই দিয়ে সম্পাদিত।

সুতরাং, পাকিস্তানের পতাকা হাতে ব্যারিস্টার আরমানের আলোচিত ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: