‘হাসিনা ফিরলে আমি পাকিস্তান চলে যাবো’—ব্যারিস্টার ফুয়াদের নামে ভুয়া উদ্ধৃতি

সম্প্রতি আইনজীবী ও রাজনীতিবিদ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘হাসিনা ফিরলে আমি পাকিস্তান চলে যাবো’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি করেননি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

এছাড়াও, ব্যারিস্টার ফুয়াদ এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ব্যারিস্টার ফুয়াদ ‘হাসিনা ফিরলে আমি পাকিস্তান চলে যাবো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: