জেল থেকে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দেওয়ায় ব্যারিস্টার সুমনকে ফোন করে শেখ হাসিনার হুমকি শীর্ষক ভুয়া দাবি

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় কারাবন্দী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মুক্তি পেয়েছেন এবং পরবর্তীতে বিএনপিতে যোগ দেওয়ায় শেখ হাসিনা ফোন করে তাকে হুমকি দিয়েছেন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্তত ১৮ ফেব্রুয়ারি থেকে এ সংক্রান্ত ভিডিওটি প্রচার হচ্ছে।

উক্ত দাবির ইউটিউব ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে ৩০ হাজারের বেশি বার।

একই দাবির টিকটক ভিডিও দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জেল থেকে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দেওয়ায় ব্যারিস্টার সুমনকে ফোন করে শেখ হাসিনার হুমকি শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সায়েদুল হক সুমন এখনও কারাগারেই রয়েছেন।

প্রচারিত ভিডিওতে করা দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে সায়েদুল হক সুমনের মুক্তি, বিএনপিতে যোগদান এবং শেখ হাসিনার ফোন সংক্রান্ত দাবিগুলোর পক্ষে কোনো সংবাদ বা তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

দাবিটি প্রচার পরবর্তী সময়ে মূল ধারার গণমাধ্যম সময় টিভির ওয়েবসাইটে গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় মামলায় ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে কারাগার থেকেই সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুমন।

প্রচারিত ভিডিওর থাম্বনেইলে থাকা দু’টি ছবি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৮৯ শতাংশ থেকে ৯৬ শতাংশ বলে জানা গেছে।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এতে পূর্বের বিভিন্ন সময়ের পুরোনো ভিডিও ও ফুটেজের ব্যবহার করে প্রায় ৯ মিনিটের ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, জেল থেকে মুক্তি পেয়ে বিএনপিতে যোগ দেওয়ায় ব্যারিস্টার সুমনকে ফোন করে শেখ হাসিনার হুমকি শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: