আওয়ামী ভোটারদের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমনের মন্তব্য দাবিতে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারী, ২০২৬। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছেনা। সম্প্রতি দলটির নেতা সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে উদ্ধৃতি করে ‘আওয়ামী লীগ ভোটারদের উদ্দেশ্যে বলছি। ব্যালট পেপারে নৌকা নাই আপনি কি কেন্দ্রে যাবেন?’ শিরোনামে দৈনিক পত্রিকা কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্য করে এমন কোনো মন্তব্য করেননি। এছাড়াও তিনি বর্তমানে কারাগারে আছেন এবং কালবেলাও এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে দৈনিক পত্রিকা কালবেলার লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৬ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালবেলার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে কালবেলার প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
এছাড়া, জুলাই আন্দোলনের মামলায় বর্তমানে কারাগারে আছেন সৈয়দ সায়েদুল হক সুমন। মামলার শুনানিতে উপস্থিত হতে প্রায়ই তাকে আদালতে হাজির করা হয়। তবে সেখানে এ সংক্রান্ত কোনো বক্তব্য তাকে দিতে শোনা যায়নি।
সুতরাং, ব্যারিস্টার সুমনকে উদ্ধৃত করে ‘আওয়ামী ভোটাদের উদ্দেশ্যে বলছি। ব্যালট পেপারে নৌকা নাই আপনি কি কেন্দ্র যাবেন?’ দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Kalbela – Facebook Page
- Kalbela – Website
- Kalbela – YouTube Channel
- Rumor Scanner’s Own Analysis

