জামিনে মুক্ত হয়ে ব্যারিস্টার সুমনের লাইভ বক্তব্য দাবিতে ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বক্তব্যের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘দীর্ঘ ৫৬৭ দিন ওর জামিনে কারামুক্ত ব্যারিস্টার সুমন ভাইয়ের জরুরী লাইভ ভিডিও’। ভিডিওতে ব্যারিস্টার সুমনকে বলতে শোনা যায়, তার আশেপাশের মানুষেরা তাকে ভালোবেসে তার কাছে এসেছেন।

আলোচিত দাবিতে একটি পোস্ট ‘ব্যারিস্টার সায়েদুল হক সুমন’ নামের একটি ফেসবুক পেজ থেকেও প্রচার করা হয়েছে। দাবি করা হয়েছে এটি ব্যারিস্টার সায়েদুল হক সুমনের আসল পেজ।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি কারামুক্ত হয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্যের ভিডিও নয় বরং, ২০২৩ সালের ডিসেম্বরে নির্বাচন উপলক্ষে দেওয়া ব্যারিস্টার সুমনের বক্তব্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, ব্যারিস্টার সুমন এখনও মুক্তি পাননি।

আলোচিত দাবির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, ‘ব্যারিস্টার সায়েদুল হক সুমন’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১১ মে আলোচিত দাবি প্রথম প্রচার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ,

দীর্ঘ ৫৬৭ দিন পর জামিনে কারামুক্ত হলাম।..’ অর্থাৎ, পোস্টের ক্যাপশনের ভাষা অনুযায়ী এটি ব্যারিস্টার সুমনের আসল ফেসবুক পেজ।

ফেসবুক পেজটির ট্রান্সপারেন্সি বিভাগ পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি গত বছরের ৬ নভেম্বরে ব্যারিস্টার সুমনের নামে তৈরি করা হয়েছে এবং এর ফলোয়ার সংখ্যা মাত্র ১৩০০। উক্ত পেজটি আসল হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অপরদিকে ব্যারিস্টার সুমনের আসল ফেসবুক পেজে প্রায় ৫৪ লক্ষ ফলোয়ার রয়েছেন এবং তাতে এরূপ কোনো পোস্ট পাওয়া যায়নি।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৪ ডিসেম্বরে ‘নির্বাচন নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওর ৩ মিনিট ১৫ সেকেন্ড পরবর্তী সময়ের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওতে তাকে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা বিষয়ে কথা বলতে শোনা যায়। প্রসঙ্গত, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সম্প্রতি ব্যারিস্টার সুমন মুক্তি পেয়েছেন কি না এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘বিডিনিউজ২৪’ এর ওয়েবসাইটে গত ১১ মে তারিখে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, চব্বিশের জুলাই আন্দোলনের মধ্যে মিরপুরে এক যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের হাই কোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার (১১ মে) এ আদেশ দেন। তবে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না বলে আইনজীবী জানিয়েছেন।

সুতরাং, সম্প্রতি কারামুক্ত হয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্যের ভিডিও দাবিতে পুরোনো ভিন্ন প্রেক্ষাপটের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: