ব্যারিস্টার সুমন কারাগার থেকে মুক্ত দাবিতে মন্ত্রী জাকারিয়া সুমনকে নিয়ে মিছিলের ভিডিও প্রচার 

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় কারাবন্দী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মুক্তি পেয়েছেন দাবিতে একটি মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে ৫৫ হাজারের বেশি বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে সায়েদুল হক সুমনের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত ১৭ ফেব্রুয়ারি কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রী হওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গত ১৮ ফেব্রুয়ারি Channel S.A. এবং Cut Paste News নামের দুইটি পেজে প্রকাশিত ভিডিওতে একই মিছিলের দৃশ্য দেখতে পাওয়া যায়। ভিডিওগুলোর ক্যাপশন থেকে জানা যায়, জাকারিয়া তাহের সুমন মন্ত্রী হওয়ায় সেদিন বরুড়ায় আনন্দ মিছিলের দৃশ্য এটি।

ভিডিওগুলোতে মিছিলকারীদের বলতে শোনা যায়, “এইমাত্র খবর এলো, সুমন ভাই মন্ত্রী হলো।” একই স্লোগান পাওয়া যায় প্রচারিত টিকটক ভিডিওতেও।

গত ১৭ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে শপথ নেন জাকারিয়া তাহের সুমন।

অর্থাৎ, ভিডিওটি ভিন্ন ঘটনার এবং এর সাথে সায়েদুল হক সুমনের কোনো সম্পর্ক নেই।

সুতরাং, ব্যারিস্টার সুমন কারাগার থেকে মুক্ত দাবিতে মন্ত্রী জাকারিয়া সুমনকে নিয়ে মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: