মুক্তিযুদ্ধ বিষয়ে শিবির সেক্রেটারির মন্তব্য দাবিতে বার্তা বাজারের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামকে উদ্ধৃত করে ‘ ১৯৭১ সালে যুদ্ধ করে পাকিস্তান থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: শিবির সেক্রেটারি’ শিরোনামে অনলাইন গণমাধ্যম বার্তা বাজারের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম এমন কোনো মন্তব্য করেননি এবং বার্তা বাজারও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বার্তা বাজার কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন গণমাধ্যম বার্তা বাজারের লোগো রয়েছে। এছাড়াও এটি প্রকাশের তারিখ ১৭ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বার্তা বাজারের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বার্তা বাজারের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, বার্তা বাজারের ফেসবুক পেজে গত ১৭ ডিসেম্বর ‘একাত্তরে বিজয় ছিল পাকিস্তানি শোষণ থেকে মুক্তি: শিবির সেক্রেটারি’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে বার্তা বাজারের লোগো এবং নুরুল ইসলামের ছবি মিল রয়েছে। তবে, উভয় শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও বার্তা বাজারের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, বার্তা বাজারের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বার্তা বাজারের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে ‘বিজয়ের ৫৪ বছর: স্বাধীনতার আলোয় আগামীর নির্মাণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতার মূল আদর্শ সাম্য, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা এবং রাষ্ট্র পরিচালনার বাস্তবতার মধ্যকার গভীর সংকট তুলে ধরেছেন। স্বাধীনতার পর বারবার রাষ্ট্র জনগণের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। পাশাপাশি গণতন্ত্র ধ্বংস, নাগরিক অধিকার হরণ ও কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে মানুষের স্বাধীনতা সংকুচিত করা হয়েছে। তিনি ১৯৭১ সালের বিজয়কে পাকিস্তানি শোষণ থেকে মুক্তির প্রতীক এবং ২০২৪ সালের জুলাইকে আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন মুক্তির বার্তা হিসেবে চিহ্নিত করেন। সত্যিকারের স্বাধীন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি, মাদক, রাজনৈতিক বিভাজন ও বিকৃত ইতিহাস পরিত্যাগ করে সত্য, ন্যায় ও ইনসাফকে রাষ্ট্রীয় ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান।

এছাড়া, নুরুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভ্যারিফইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, মুক্তিযুদ্ধ বিষয়ে শিবির সেক্রেটারিকে উদ্ধৃত করে বার্তা বাজারের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: