সম্প্রতি নানা গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা দিয়েছে। শতকরা হিসেবে এই হার বিবিসির মোট কর্মীবাহিনীর ১০ শতাংশ।’

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: একাত্তর টিভি (ফেসবুক), আমার দেশ, ঢাকা পোস্ট, ভোরের কাগজ, বাংলাদেশ টাইমস, ঢাকা টাইমস, জনবাণী (ফেসবুক), প্রতিদিনের সংবাদ, প্রতিফলন, দেশে বিদেশে, বাংলাদেশের খবর, সকালের সময়, বাহান্ন নিউজ, টাইমস টুডে, খুলনা কণ্ঠ, বাংলাদেশ বেতার (ফেসবুক), নতুন সময়, আগামীর সময় (ফেসবুক), ভয়েস বাংলা (ফেসবুক), নিউজ টিভি বাংলা, আলোকিত প্রতিদিন (ইনস্টাগ্রাম), দৈনিক এইদিন।
আলোচিত দাবিতে সংবাদ প্রকাশ করে পরবর্তীতে সরিয়ে নেওয়া সংবাদমাধ্যম : ভিউজ বাংলাদেশ।

এরূপ দাবিতে গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
এরূপ দাবিতে গণমাধ্যমের ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিবিসি ২১ হাজার জনকে নয় বরং, প্রায় ২ হাজার কর্মীকে ছাঁটাই করছে। প্রকৃতপক্ষে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্যা গার্ডিয়ান’ এর প্রতিবেদনে বলা ‘বুধবার (বিবিসির) একটি সাধারণ সভায় কর্মীদের এই ছাঁটাইয়ের বিষয়ে অবহিত করার কথা ছিল, যা বিবিসির মোট ২১,৫০০ কর্মীর প্রায় ১০ শতাংশকে প্রভাবিত করবে’ শীর্ষক বাক্যকে ভুলভাবে অনুবাদ বা বিকৃত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত সংবাদ প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করলে তাতে সূত্রপাত হিসেবে মূলত ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্যা গার্ডিয়ান’ এর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘দ্যা গার্ডিয়ান’ এর ওয়েবসাইটে গত ১৫ এপ্রিলে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘বিবিসি তাদের গত ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে প্রায় ২,০০০ কর্মসংস্থান কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার একটি সাধারণ সভায় কর্মীদের এই ছাঁটাইয়ের বিষয়ে অবহিত করার কথা ছিল, যা বিবিসির মোট ২১,৫০০ কর্মীর প্রায় ১০ শতাংশকে প্রভাবিত করবে।’ (অনূদিত)
উক্ত প্রতিবেদনের দ্বিতীয় অনুচ্ছেদে লেখা ‘Staff were to be informed of the cuts, which will affect about 10% of the BBC’s 21,500 staff, at an all-staff meeting on Wednesday’ বাক্যটি ভুলভাবে অনুবাদের মাধ্যমে আলোচিত দাবির সূত্রপাত হয়েছে। প্রকৃতপক্ষে গার্ডিয়ান এর উক্ত বাক্যে মোট কর্মী ২১৫০০ এবং তার মধ্যে ছাঁটাই হতে যাওয়া হিসেবে মোট কর্মী সংখ্যার প্রায় ১০ শতাংশ তথা প্রায় ২১৫০ জনের কথা বুঝানো হয়েছে।
এছাড়াও, এ বিষয়ে অনুসন্ধানে বিবিসি, এএফপিসহ নানা আন্তর্জাতিক গণমাধ্যমেও এ বিষয়ে সংবাদ পাওয়া যায়। সেসব সংবাদেও বলা হয়, বিবিসি গত ১৫ এপ্রিল জানিয়েছে যে, বর্তমান চ্যালেঞ্জিং মিডিয়া পরিস্থিতির প্রেক্ষাপটে বিবিসি প্রায় ২,০০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। বিবিসিকে আগামী দুই বছরে ৫০০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে হবে। বিবিসির অন্তর্বর্তীকালীন মহাপরিচালক রডরি টালফান ডেভিস কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “যদিও আমাদের এখনও বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, তবে আমরা ধারণা করছি যে মোট কর্মসংস্থানের সংখ্যা ১,৮০০ থেকে ২,০০০ পর্যন্ত কমে যাবে।” বিবিসি ১৫ এপ্রিল বিকেলে এই ছাঁটাইয়ের খবরটি প্রকাশ করে জানিয়েছে যে, তাদের প্রায় ২১,৫০০ জন কর্মী থাকায় ছাঁটাই হতে যাওয়া সংখ্যাটি প্রায় প্রতি ১০ জনের ১ জন।
সুতরাং, বিবিসি ২১৫০০ জন কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।


