সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারের মাধ্যমে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিসিবির সভাপতির পদ থেকে বাদ দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। তার পরিবর্তে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মাশরাফি বিন মোর্ত্তজাকে।

এ সংক্রান্ত দাবির ভিডিও দেখুন টিকটক ও ইউটিউবে।
টিকটকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৬ লক্ষ ১৬ হাজারের বেশি বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বুলবুলকে সরিয়ে মাশরাফিকে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে প্রচারিত ২ মিনিট ১০ সেকেন্ডের মূল ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এতে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণের পরপরই বিসিবিকে কড়া হুঁশিয়ারি দেন তিনি। এরপরই সিদ্ধান্ত হয় মাশরাফিকে সভাপতি করার।
কিওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ বা প্রমাণ পাওয়া যায়নি৷ তাছাড়া, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে বাংলাদেশের ক্রিকেট সংক্রান্ত কোনো মন্তব্য করতে দেখা যায়নি৷ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। তিনি গত ১৭ ফেব্রুয়ারি জানান, সাকিব ও মাশরাফির বিরুদ্ধে যে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে তিনি চান সাকিব-মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। তার বক্তব্য, ‘আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’
একইদিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া আমিনুল হককে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনন্দনও জানান বিসিবি সভাপভি আমিনুল ইসলাম।
সুতরাং, বুলবুলকে সরিয়ে মাশরাফিকে বিসিবি সভাপতির দায়িত্ব দেওয়ার দাবিটি মিথ্যা।


