সেনাবাহিনী কর্তৃক ক্ষমতা গ্রহণের নয়, ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মেলনের 

সম্প্রতি ‘দেশে কোন নির্বাচন হচ্ছে না…. দেশের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে সেনাবাহিনী হাতে ক্ষমতার নিচ্ছে।। দেশের ও মানুষের স্বার্থে সেনাবাহিনী উপলব্ধি করতে পেরেছে বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ।’ ক্যাপশনে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত আর্মি অর্ডন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনের একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিজি নিউজের ইউটিউব চ্যানেলে গত ১৬ নভেম্বর ‘আর্মি অর্ডিন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:০১ থেকে ০০:২৮ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ভিডিওটির উল্লিখিত অংশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কয়েকজন সেনা কর্মকর্তার সাথে করমর্দন ও কুশল বিনিময় করেন।

এ বিষয়ে গণমাধ্যম নিউজ২৪-এর ইউটিউব চ্যানেলে গত ১৬ নভেম্বর ‘আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান’ শিরোনামে প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য দেখা যায়।

পরবর্তীতে, এ বিষয়ে কালবেলার ওয়েবসাইটে গত ১৭ নভেম্বর ‘আর্মি অর্ডন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৬ নভেম্বর আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) এ সম্মেলন হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া, অনুষ্ঠানে জিওসি, আর্টডক, জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া, কমান্ড্যান্ট, বিওএফ, এজি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে সেনাপ্রধান উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের সব অধিনায়কের উদ্দেশ্যে বক্তব্য দেন। প্রধান অতিথি তার বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেনাপ্রধানের উক্ত বক্তব্যে সেনাবাহিনী দেশের রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার মতো কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বাংলাদেশ সেনাবাহিনী দেশের রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার দৃশ্য দাবিতে ৪৫তম আর্মি অর্ডন্যান্স কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: