শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাকে সমন্বয়কদের ওপর শিক্ষার্থীদের হামলা দাবিতে অপপ্রচার

সম্প্রতি, ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজনতা কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ভিডিও।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজনতা কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার কোনো ঘটনার নয় বরং এটি গেল জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ধারণকৃত ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে ভিডিওটিতে ‘RK SOHAN’ শীর্ষক একটি ওয়াটার মার্ক দেখা যায়।

উক্ত নামের সূত্র ধরে অনুসন্ধানে এই নামের (RK Sohan) একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে গত ১৫ জুলাই ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ভয়াবহ অবস্থা, কোটা আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

সেখানে উল্লেখিত ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওটি গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার ধারণকৃত।

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত দাবিটির কোনো যোগসূত্র নেই।

এছাড়াও, মূলধারার গণমাধ্যম দৈনিক সংগ্রাম এর ওয়েবসাইটে গত ১৫ জুলাই ‘ঢাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২ শতাধিক’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে উক্ত ভিডিওটির বিভিন্ন দৃশ্যের অনুরূপ ছবি খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেসময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের চতুর্মূখী হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে। তখন কয়েকস্থানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়।

পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজনতা কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়ে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরিউক্ত বিষয়গুলো থেকে এটা স্পষ্ট যে, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজনতা কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি।

সুতরাং, গেল জুলাইয়ে ছাত্রলীগ কর্তৃক কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রজনতা কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনার ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: