চাঁদাবাজি নিয়ে আমির খসরুর মন্তব্য দাবিতে বিডিক্রিকটাইমের নামে দুইটি সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্ধৃতি দিয়ে তার মন্তব্য দাবিতে অনলাইন পোর্টাল বিডিক্রিকটাইমের ডিজাইন সংবলিত দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এর একটি ফটোকার্ডে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘চাঁদাবাজী বন্ধ করা সাংবিধানে নাই।’
অন্য ফটোকার্ডে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘এ মূহুর্তে চাঁদাবাজী বন্ধ করা কোনো পরিকল্পনা আমাদের নাই।’

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদাবাজি নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী আলোচিত মন্তব্যগুলো করেননি এবং এরূপ শিরোনামে বিডিক্রিকটাইমও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, বিডিক্রিকটাইমের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

ফটোকার্ড দুইটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বিডিক্রিকটাইমের লোগো রয়েছে। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে উক্ত দাবিতে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, ‘বিডিক্রিকটাইম’ এর ফেসবুক পেজে গত ১৮ ফ্রেব্রুয়ারিতে ‘অর্থ এবং পরিকল্পনা মন্ত্ৰী হিসেবে দায়িত্ব নিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বিডিক্রিকটাইমের মূল ফটোকার্ডটিতে ‘অর্থ এবং পরিকল্পনা মন্ত্ৰী হিসেবে দায়িত্ব নিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘চাঁদাবাজি বন্ধ করা সংবিধানে নাই : আমির খসরু মাহমুদ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

দ্বিতীয় ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানেও আমীর খসরু মাহমুদের এমন মন্তব্য সংবলিত ফটোকার্ড বিডিক্রিকটাইমে পাওয়া যায়নি। তবে এই ফটোকার্ডের সঙ্গেও গত ১৮ ফ্রেব্রুয়ারি প্রকাশিত আলোচ্য ফটোকার্ডের মিল পরিলক্ষিত হয়।

এবার ওই ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে শিরোনামে লেখা হয়েছে, “এমূহুর্তে চাঁদাবাজী বন্ধ করা কোন পরিকল্পনা আমাদের নাই : আমীর খসরু মাহমুদ”।

তাছাড়া, বিডিক্রিকটাইমের এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডগুলোর ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।

অর্থাৎ, বিডিক্রিকটাইমের একটি ফটোকার্ড সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

এছাড়া মূলধারার অন্য কোনো গণমাধ্যমেও আমীর খসরু মাহমুদের এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, আমির খসরু মাহমুদ ‘চাঁদাবাজি বন্ধ করা সংবিধানে নাই ’ এবং ‘এমূহুর্তে চাঁদাবাজী বন্ধ করা কোন পরিকল্পনা আমাদের নাই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বিডিক্রিকটাইমের নামে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

Share: