ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে শফিকুর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘ক্ষমতায় যেতে পারলে ভারতের সাথে অতীতের সরকারের থেকে ও গভীর সম্পর্ক গড়ে তুলবো’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ক্ষমতায় যেতে পারলে ভারতের সাথে অতীতের সরকারের থেকে ও গভীর সম্পর্ক গড়ে তুলবো বলে মন্তব্য করেননি ডা. শফিকুর রহমান। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে শফিকুর রহমানের এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। শফিকুর রহমানের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক বিষয়ে জামায়াতের আমিরের একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে গত বছরের ১৪ অক্টোবর ‘ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্তিতে: জামায়াত আমির’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২২ অক্টোবর (২০২৫) যুক্তরাষ্ট্রে জামায়াত আমির সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনে নিউইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সভায় ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মানুষ নিজের জায়গা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি।’
সুতরাং, ক্ষমতায় যেতে পারলে ভারতের সাথে প্রসঙ্গে ডা. শফিকুর রহমানের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- bssnews.net – ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্তিতে: জামায়াত আমির
- Rumor Scanner’s analysis

