ভোলার বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি 

গত ৩১ জানুয়ারি ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ‘ভোলায় জামাত বিএনপির সংঘর্ষ নিহত দুই’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে দুইজনের মৃত্যু সংক্রান্ত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত তথ্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম একুশে টিভির ইউটিউব চ্যানেলে গত ৩১ জানুয়ারি ‘কুমিল্লা ও ভোলায় বিএনপি-জামায়াতের সং/ঘর্ষে আ/হ/ত ১৪ জন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০১:০৪ থেকে ০১:২০ পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷

উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় টবগী ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। উক্ত প্রতিবেদনে এই সংঘর্ষে কোনো নিহতের ঘটনার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (, , ) প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, উক্ত ঘটনায় উভয়পক্ষের প্রায় ২৭ জন আহত হয়েছে। তবে, এসব প্রতিবেদনে এই ঘটনায় কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ভোলার বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াতের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: