ভোলার মেঘনায় ইলিশ পানির ওপরে উঠে আসার দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে দেখা যায় ইলিশ মাছ পানির ওপরে উঠে এসেছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ভোলার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ইলিশ মাছ পানির ওপরে উঠে আসার দৃশ্য।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

গণমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন দেশ রূপান্তর।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোলার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ইলিশ মাছ পানির ওপরে উঠে আসার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটিতে কিছু অসামঞ্জস্যতা লক্ষ করা যায়। ভিডিওর একটি অংশে দেখা যায়, ইলিশ মাছ ডাঙা থেকে পানিতে ফিরে যাওয়ার সময় হঠাৎ করেই অস্বাভাবিকভাবে উল্টো দিকে ঘুরে যাচ্ছে, যা বাস্তবসম্মত নয়। এছাড়া, ইলিশ অত্যন্ত সংবেদনশীল ও গভীর পানিতে বিচরণকারী মাছ। ফলে এভাবে ডাঙার ওপর উঠে আসা বা এত অগভীর পানিতে দলবদ্ধভাবে সাঁতার কাটার ঘটনা স্বাভাবিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যদিও ভরা জোয়ারের সময় নদীর পাড়সংলগ্ন স্থানে পানির গভীরতা সাময়িকভাবে বৃদ্ধি পাওয়ায় ইলিশ কিছুটা পাড়ের কাছাকাছি চলে আসতে পারে, তবে ভিডিওতে দেখানো দৃশ্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

ভিডিওটি এআই দ্বারা সম্পাদিত বা তৈরি করা হয়েছে কিনা তা যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত হওয়ার সম্ভাবনা ৭৮ শতাংশ। এছাড়া, ভিডিওতে ব্যবহৃত পানির শব্দসহ অডিওটি প্রায় শতভাগ এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত হয়েছে।

সুতরাং, ভোলার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ইলিশ মাছ পানির ওপরে উঠে এসেছে দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: