ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে গত ৫ এপ্রিল রাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, ‘যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার হওয়া ছাত্রীসংস্থার সাবেক নেত্রী ও জামায়াতের মহিলা শাখার নেত্রী সুমি।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিবি সাওদাকে যাত্রাবাড়ীর কোনো আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়নি। বরং আইনশৃঙ্খলা বাহিনী তাকে ভোলায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে।
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘কালবেলা’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ।’ প্রতিবেদনে আরো বলা হয়, ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে উদ্বেগ ও নিন্দা জানায়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এছাড়াও, সংবাদমাধ্যম ‘আরটিভি’র ওয়েবসাইটে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের বরাতে বলা হয়, ‘রোববার (৫ এপ্রিল) গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের জমজম টাওয়ারে নিজ বাসা থেকে বিবি সাওদাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।’
ভোলার নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেপ্তারের তথ্য আরো একাধিক গণমাধ্যম সূত্রেও জানা যায়।
এ ছাড়া বিবি সওদাকে আদালতে প্রেরণ প্রসঙ্গে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দেওয়া আবেদনের একটি ছবি পাওয়া যায়। তাতেও উল্লেখ করা হয়েছে, গত ৫ এপ্রিল তারিখে ভোলা সদর মডেল থানাধীন ওয়েস্টার্ন পাড়া জম জম টাওয়ারের ৩য় তলায় ৮নং ফ্ল্যাট (ক্ষণিকালয়) থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, আজ (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিবি সওদা বেগমকে জামিন দিয়েছেন আদালত।
সুতরাং, বিবি সাওদাকে যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Kalbela – বিবি সাওদা গ্রেপ্তার : সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড়
- RTV – জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার
- Jugantor – ভোলায় নিজ দলের নারী কর্মী গ্রেফতারে জামায়াতের বিবৃতি
- Photo of Police Report requesting Jail Custody


