সম্প্রতি, স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত বিদ্যানন্দ স্কুলের নামে নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে। নিয়োগ বিজ্ঞপ্তির ছবিতে ১৫ মে তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিদ্যানন্দ স্কুলের পক্ষ থেকে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি বরং প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিদ্যানন্দ স্কুলের ওয়েবসাইটের ক্যারিয়ায় সেকশনে রিজিওনাল এডুকেশন অফিসার, এডুকেশন কোঅর্ডিনেটর- ইউনিয়ন পর্যায়, সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে তিনটি আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়, যা আলোচিত বিজ্ঞপ্তিটিতে থাকা পদগুলোর সাথে মিল রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যাচাই করে দেখা যায়, বিদ্যানন্দ গুগল ফর্মের মাধ্যমে আবেদন গ্রহণ করছে। এছাড়া, নিয়োগ সংক্রান্ত যে কোনো আলোচনার জন্য [email protected] এই মেইল ঠিকানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে৷ কিন্তু, প্রচারিত বিজ্ঞপ্তিতে ভিন্ন একটি ইমেইল ঠিকানা ([email protected]) দেওয়া রয়েছে। জিমেইল পরিষেবার এই ঠিকানা সন্দেহের অবকাশ তৈরি করে৷ তাছাড়া, এই ঠিকানায় ইংরেজিতে বিদ্যানন্দের যে বানান (bidyanando) ব্যবহার করা হয়েছে তার সাথে বিদ্যানন্দের ওয়েবসাইট বা ফেসবুক পেজের ইংরেজি বানানের (bidyanondo) মিল নেই।
এ বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে তারা জানান যে এটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। বিদ্যানন্দ কর্তৃপক্ষ জানিয়েছে, ভুয়া এসব নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে গত বছরও ঢাকার পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা।
সুতরাং, বিদ্যানন্দ স্কুলের নামে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া ও প্রতারণামূলক।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis


