বিমান বাংলাদেশে সেফটি সুপারভাইজার ও চেকপোস্ট চেকার পদে নিয়োগের ভুয়া বিজ্ঞপ্তি প্রচার 

গত বছরের অন্তত ২৫ ডিসেম্বর থেকে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি’ ক্যাপশনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এসব পোস্টে সেফটি সুপারভাইজার ও চেকপোস্ট চেকার পদে মোট ৩৪৮ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে এবং আগ্রহী প্রার্থীদের ‘[email protected]’ ই-মেইল ঠিকানায় আবেদন করতে বলা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিমান বাংলাদেশের লোগো ব্যবহার করে বিমানবন্দরে সেফটি সুপারভাইজার ও চেকপোস্ট চেকার পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি আসল নয়। প্রকৃতপক্ষে, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে বিমান বাংলাদেশের লোগো ব্যবহার করে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সকল পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইট www.biman-airlines.com এবং www.biman.gov.bd তে প্রকাশিত হয়। গণমাধ্যম কিংবা প্রতিষ্ঠানটির উক্ত ওয়েবসাইটসমূহে গত ডিসেম্বর থেকে প্রচারিত সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিশ্লেষণ করে আলোচিত দাবিতে প্রচারিত কথিত নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায়নি। এমনকি, উল্লিখিত পদগুলোর বিষয়েও প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তাছাড়া, প্রতিষ্ঠানটির সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, বিমানের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদন সাধারণত ওয়েবসাইটের মাধ্যমে করতে হয়। ‘[email protected]’ সূচক কোনো জি-মেইলের মাধ্যমে আবেদন করার কোনো উপায় নেই। ‘info.bdbiman.com’ নামে বিমান বাংলাদেশের একটি সাধারণ তথ্য পোর্টাল থাকলেও এটির মাধ্যমে কোনো নিয়োগ আবেদন প্রক্রিয়া পরিচালনা করা হয় না।

বিমান বাংলাদেশের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্বাচিত আবেদনকারীদের এক মাসের খাবার বিল অগ্রিম বহন করতে হবে এবং প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীদের সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক ড্রাফটের ফি ৯৫৬ টাকা জমা করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে উক্ত কথিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, বিমান বাংলাদেশের লোগো ব্যবহার করে বিমানবন্দরে সেফটি সুপারভাইজার ও চেকপোস্ট চেকার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা।

তথ্যসূত্র

Share: