পশ্চিমবঙ্গে বিজেপি জেতায় বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত আসার দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রচার করা হয়েছে যাতে টুপি পরা অসংখ্য মানুষকে একসাথে দলবেঁধে কোথাও যেতে দেখা যায়। ভিডিওটি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ বিজয়ের পর, একটি সুস্পষ্ট প্রবণতা প্রকাশ পেতে শুরু করেছে। সকল বাংলাদেশী ইসলামপন্থীরা এখন যথেষ্ট তৎপরতার সাথে দ্রুত তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তন করছে।’ (অনূদিত)। অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওটি পশ্চিমবঙ্গে বিজেপি জেতায় বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত আসার দৃশ্যের।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পশ্চিমবঙ্গে বিজেপি জেতায় বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত আসার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে গত জানুয়ারিতে ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে অনুষ্ঠিত হওয়া ইজতেমার মুসল্লিদের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘youtuberdip’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৫ জানুয়ারিতে আলোচিত মূল ভিডিওটি পাওয়া যায়।

অ্যাকাউন্টটি দীপ ঘোষ নামের একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের। অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওতে প্রদর্শিত তরুণও দীপ ঘোষ। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, এটি ২০২৬ সালের বিশ্ব ইজতেমার ঘটনার দৃশ্য এবং ভিডিওতে দীপ ঘোষকে জায়গার নাম হিসেবে ভারতের হুগলির পুনিয়ান বলতে শোনা যায়।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্যা স্টেটসম্যান’ এর ওয়েবসাইটে গত ৩ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম বৃহত্তম শান্তিপূর্ণ ইসলামি সম্মেলন বিশ্ব ইজতেমা হুগলি জেলার পুইনানে শুরু হয়েছে। এই বিশ্ব ইজতেমা ২ জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে/চলেছে। প্রতিবেদনে আরো বলা হয়, আয়োজকরা আশা করেছেন যে এখানে প্রায় এক কোটি ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে।

অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত টুপি পরা এ মানুষগুলো মূলত ভারতের হুগলিতে অনুষ্ঠিত ইজতেমার মুসল্লি।

সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জেতায় বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত আসার দৃশ্য দাবিতে গত জানুয়ারিতে পশ্চিমবঙ্গের হুগলিতে অনুষ্ঠিত হওয়া ইজতেমার মুসল্লিদের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: