বিকাশের ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে ব্যবহারকারীদের ৬৬০০ টাকা বোনাস দেওয়ার দাবিটি মিথ্যা 

সম্প্রতি, বিকাশের ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশের পক্ষ থেকে ব্যবহারকারীদের ৬৬০০ টাকা বোনাস দেওয়ার দাবিতে ‘বিকাশে ৬৬০০ টাকা বোনাস’ শীর্ষক একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ) এবং এখানে(আর্কাইভ)।

উক্ত ক্যাম্পেইনে ব্যবহৃত ওয়েবসাইটটি দেখুন এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিকাশের ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশের পক্ষ থেকে ব্যবহারকারীদের ৬৬০০ টাকা বোনাস দেওয়ার দাবিটি সত্য নয় বরং বিকাশের ওয়েবসাইট নকল করে তৈরি ভুয়া ওয়েবসাইট থেকে প্রতারণার উদ্দেশ্যে বোনাস প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে বোনাসের প্রলোভন দেখানো ওয়েবসাইটটিতে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম।

সেখানে ব্যক্তিগত কিছু তথ্য জানিয়ে একটি ফরম পূরণ করতে বলা হয়।

ফরমটি পূরণ করার পরের ধাপে অভিনন্দন জানিয়ে বোনাস পাওয়ার কথা বলা হয়। এই ধাপে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হয়।

বিকাশে কি এমন কোনো অফার চালু আছে?

যে ওয়েবসাইট থেকে এই বোনাস দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে সেটি বিকাশের লোগো ব্যবহার করে তৈরি ভুয়া একটি ওয়েবসাইট।

এছাড়াও, বিকাশের অফিশিয়াল ওয়েবসাইট কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে এমনকোনো অফারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, নির্ভরযোগ্য কোনো সূত্রে বিকাশ থেকে এমন বোনাস দেওয়া প্রসঙ্গে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও উপরে প্রদর্শিত সবগুলো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে ক্যাম্পেইনটির সত্যতা যাচাই করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। সেখানে যেকোনো ভুল নম্বর কিংবা তথ্য দিলেও সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার কথা বলা হয়। শেষ ধাপের পর আর টাকা পাওয়া যায়নি বলে নিশ্চিত হয় রিউমর স্ক্যানার টিম। তাছাড়া বিকাশ সবসময় পিন নম্বর এবং ভেরিফিকেশন কোড কোথাও শেয়ার করা থেকে বিরত থাকতে বলেছে গ্রাহকদের।

অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, এটি একটি ভুয়া ক্যাম্পেইন। প্রকৃতপক্ষে বিকাশের পক্ষ থেকে এমন কোনো বোনাস দেওয়া হচ্ছে না।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা হলে সেখান থেকে বলা হয়, ‘অনুগ্রহ করে এ ধরনের ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না। বিকাশের তুমুল জনপ্রিয়তার জন্য কিছু অসাধু চক্র বিভিন্ন নকল ওয়েবসাইট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে নানা ধরনের মিথ্যা অফার দেখিয়ে বিকাশের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। বর্তমানে বিকাশ এ ধরনের কোনো অফার ঘোষণা করেনি এবং উক্ত অফারগুলোর সাথে বিকাশ-এর কোনো সম্পর্ক নেই। তাই, এসব মিথ্যা অফারের লোভে পড়ে কিংবা প্রতারিত হয়ে এই ধরনের কোনো ওয়েবসাইট অথবা অন্য কোনো মাধ্যমে কোনো লেনদেন করবেন না এবং আপনার বিকাশ একাউন্ট নাম্বার, পিন, ভেরিফিকেশন কোড বা অন্য কোনো তথ্য দিবেন না। এছাড়া এ ধরনের ওয়েবসাইটের লিংক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকবেন।মনে রাখবেন, বিকাশ কখনোই আপনার বিকাশ একাউন্টের পিন ও ভেরিফিকেশন কোড জানতে চায় না।’

মূলত, বিকাশের ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশের পক্ষ থেকে ব্যবহারকারীদের ৬৬০০ টাকা বোনাস দেওয়ার দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বিকাশের পক্ষ থেকে এমন কোনো বোনাস ঘোষণা করা হয়নি। প্রকৃতপক্ষে বিকাশের লোগো ব্যবহার করে বিকাশের ওয়েবসাইটের আদলে তৈরি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে একাধিকবার বিকাশের ওয়েবসাইট নকল করে প্রতারণার উদ্দেশ্যে প্রলোভন দেখানো হয়। সেসময় উক্ত বিষয়গুলোকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, বিকাশের ছয় কোটি গ্রাহক পূর্তি উপলক্ষ্যে বিকাশের পক্ষ থেকে ব্যবহারকারীদের ৬৬০০ টাকা বোনাস দেওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: