কুমিল্লায় দোকানে চাঁদাবাজি এবং বিএনপি কর্মী কর্তৃক দোকানদারকে হত্যা দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি ‘কুমিল্লায় একটি কসমেটিক দোকানে ছিনতাইকারী/ চাঁদাবাজরা দোকানদারকে কুপিয়েছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ একই ভিডিও ব্যবহার করে কিছু পোস্টে আবার দাবি করা হয়েছে, ‘বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরা চাঁদা না পেয়ে দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে’।

ছিনতাইয়ের ঘটনা দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
চাঁদাবাজির ঘটনা দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
বিএনপি কর্মীর চাঁদাবাজির ঘটনা দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেনি এবং এটির সাথে কোনো বিএনপি কর্মীর সংশ্লিষ্টতা নেই৷ প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ভারতের গোয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে অংশীদারের ওপর হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারত থেকে পরিচালিত GoaTV News নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৮ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এই ঘটনাটি ২০২৩ সালের ০৮ জানুয়ারি ভারতের দক্ষিণ গোয়ার মারগাওয়ের বরদাতে ঘটেছে। সেদিন ভূমিরাম চৌধুরী নামক ব্যক্তি তার তৎকালীন ব্যবসায়িক অংশীদার ললিত চৌধুরীকে তার হার্ডওয়্যারের দোকানে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। উক্ত দুই ব্যক্তির মধ্যে ব্যবসায়িক অংশীদারিত্বের অবনতির পর উদ্ভূত বিরোধের ফলে ওই হামলার ঘটনাটি ঘটে।
গত ১৭ জানুয়ারি ভারতের আদালত ললিত চৌধুরীকে হত্যার চেষ্টার জন্য ভূমিরাম চৌধুরীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং ১ লক্ষ টাকা জরিমানা করে।
পরবর্তীতে, এ বিষয়ে ভারতের একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।
সুতরাং, কুমিল্লায় ছিনতাই কিংবা চাঁদাবাজির উদ্দেশ্যে বিএনপি কর্মী কর্তৃক দোকানদারকে কুপিয়ে হত্যা দাবিতে ভারতে ব্যবসায়িক বিরোধ থেকে সংঘটিত হামলার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- GoaTV News – Instagram Post
- In Goa 24×7 – X Post
- Bhaskar – Sanchore businessman sentenced to 10 years in Goa for attacking business partner with a sharp-edged weapon; fined Rs 1 lakh

